সাংবাদিক হত্যার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাগর-রুনিসহ সব সাংবাদিক হত্যার বিচার ত্বরান্বিত করার জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছে সাংবাদিকদের চারটি ইউনিয়ন, জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি। গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালনকালে সাংবাদিকদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী বরাবর দেওয়া স্মারকলিপিতে এ দাবি জানানো হয়।সাংবাদিক দম্পতি সাগর-রুনিসহ সব সাংবাদিক হত্যার বিচার, সাংবাদিক নির্যাতন বন্ধ, পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা ও এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেন প্রবীণ সাংবাদিক এবিএম মূসা, আতাউস সামাদ ও সৈয়দ আবুল মকসুদ।বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (উভয় অংশ), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (উভয় অংশ), জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) যৌথভাবে এ কর্মসূচি পালন করে।স্মারকলিপিতে উল্লেখ করা দাবির মধ্যে আছে সাগর-রুনিসহ সব সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার ত্বরান্বিত করার জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন, সাংবাদিক নির্যাতনকারী ও গণমাধ্যমের কার্যালয়ে হামলাকারীদের বিরুদ্ধে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা, মুক্ত ও স্বাধীন গণমাধ্যমের পথে অন্তরায় সৃষ্টিকারী সব কালাকানুন ও বিধিনিষেধ অবসানের জন্য আইন প্রণয়ন, সব গণমাধ্যমে ট্রেড ইউনিয়ন অধিকার, ওয়েজ বোর্ড অনুযায়ী বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা প্রদান, চাকরির নিশ্চয়তা ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের ওয়েজ বোর্ডের আওতায় আনার জন্য আইনি পদক্ষেপ গ্রহণ, জাতীয় গণমাধ্যম নীতিমালা প্রণয়ন এবং এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানকে গ্রেপ্তার ও বিচার করা।স্মারকলিপিতে বলা হয়, নৃশংসভাবে নিহত হওয়ার পরও রুনি তাঁর কর্মক্ষেত্র এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানের মানহানিকর, অশালীন ও অমানবিক কটূক্তির শিকার হচ্ছেন। তাই সাংবাদিক সমাজের ঐক্যবদ্ধ আন্দোলনে দাবি উঠেছে, মাহফুজুর রহমানকে গ্রেপ্তার এবং বিচার করতে হবে।বেলা একটার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে পদযাত্রা শুরু করেন সাংবাদিকেরা। সুপ্রিম কোর্টের মূল ফটকের সামনে পৌঁছার পর পুলিশ তাঁদের আটকে দেয়। সেখানে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মিজানুর রহমান উপস্থিত হয়ে প্রধানমন্ত্রীর পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন।এ সময় আবুল কালাম আজাদ বলেন, ‘প্রধানমন্ত্রী সাংবাদিক-শিল্পীদের ভালোবাসেন। আপনাদের যাতে কষ্ট না হয়, সে জন্য আপনাদের পক্ষ থেকে স্মারকলিপি গ্রহণ করতে আমাদের পাঠিয়েছেন।’ এর আগে বিএফইউজে (একাংশের) সভাপতি ইকবাল সোবহান চৌধুরী এটিএন বাংলার চেয়ারম্যানের নাম উল্লেখ করে বলেন, ‘আমরা তাঁকে গ্রেপ্তার না করে ভিডিও ফুটেজ ও তথ্য আদায়ের দাবি করেছিলাম। কিন্তু দুঃখের বিষয়, র‌্যাব তাঁর অফিসে গিয়ে জামাই আদরে জিজ্ঞাসাবাদ করেছে। তদন্তের নামে যে টালবাহানা হচ্ছে, তাতে সাংবাদিক সমাজ ক্ষুব্ধ।’এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানকে গ্রেপ্তারের দাবি জানিয়ে ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘আমরা জানতে পেরেছি, আজ রাতেই মাহফুজুর রহমান দেশ ছাড়বেন। তিনি যাতে পালাতে না পারেন, সে জন্য তাঁকে যেন বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়।’বিএফইউজের অপর অংশের সভাপতি রুহুল আমিন গাজী বলেন, ‘কাল দেখলাম, মাহফুজুর রহমান প্রধানমন্ত্রীকে বাচাল বলেছেন। প্রধানমন্ত্রী পদে কে আছেন তা বড় কথা নয়, প্রধানমন্ত্রী সম্পর্কে এ ধরনের কটূক্তি দেশের জন্য অসম্মানজনক।’ তিনি এটিএন বাংলার টক শোতে অংশ না নিতে শিল্পী ও রাজনীতিক এবং এটিএন বাংলায় বিজ্ঞাপন দেওয়া বন্ধ করতে বিজ্ঞাপনদাতাদের প্রতি আহ্বান জানান।মাহফুজুর রহমানের প্রতিবাদএটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান বলেছেন, সম্প্রতি দুটি টেলিভিশন চ্যানেলে তাঁকে উদ্ধৃত করে প্রধানমন্ত্রী সম্পর্কে যে বক্তব্য প্রচারিত হয়েছে, তা উদ্দেশ্যপ্রণোদিত এবং সৎ সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে তিনি দাবি করেন, সম্প্রতি লন্ডনে এক সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী সম্পর্কে তাঁর অন্য একটি বক্তব্য বিকৃত করে খণ্ডিতভাবে প্রচার করা হচ্ছে। তিনি এ ধরনের বিকৃত বক্তব্য প্রচারের প্রতিবাদ জানান।