সাংবাদিক হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে ঘেরাও কর্মসূচি
রংপুরের সাংবাদিক মসিউর রহমান উৎস হত্যার সুষ্ঠু তদন্ত ও হত্যায় জড়িত লোকজনকে গ্রেপ্তারের দাবিতে আজ সোমবার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের (এসপি) কার্যালয় ঘেরাও করেছেন সাংবাদিকেরা। সম্মিলিত সাংবাদিক সমাজের ব্যানারে এ কর্মসূচিতে জেলার আট উপজেলার শতাধিক সাংবাদিক অংশ নেন।
সরেজমিনে দেখা যায়, আজ বেলা ১১টার দিকে রংপুর প্রেসক্লাব এলাকা থেকে একটি মিছিল বের করেন সাংবাদিকেরা। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে বেলা সাড়ে ১১টার দিকে রংপুরের কাচারিবাজার এলাকায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যায়। কার্যালয় ঘেরাও করে সাংবাদিকেরা বিক্ষোভ করতে থাকেন। প্রায় আধঘণ্টা বিক্ষোভ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে একটি স্মারকলিপি দেন সাংবাদিকেরা।
দুপুর ১২টার দিকে সাংবাদিকেরা জেলা প্রশাসকের কার্যালয়ের পাশে থাকা পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করেন। তাঁরা সেখানে একইভাবে বিক্ষোভ করতে থাকেন। বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশ হয়। সমাবেশে বক্তব্য দেন সম্মিলিত সাংবাদিক সমাজের আহ্বায়ক রংপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলী আশরাফসহ বেশ কয়েকজন স্থানীয় সাংবাদিক। বক্তারা বলেন, মসিউর হত্যার ঘটনায় ছয়জনকে আটক করার কথা পুলিশ বললেও তাঁরা জড়িত কি না, এ ব্যাপারে কোনো তথ্য জানা যায়নি। মসিউর হত্যায় কারা জড়িত এবং কেন তাঁকে হত্যা করা হলো, এসব বিষয় এখনো বের করতে পারেনি পুলিশ।
বিক্ষোভ চলার সময়ে কার্যালয় থেকে বেরিয়ে এসপি আবদুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, মসিউর হত্যার ঘটনায় এক নারীসহ ছয়জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আশা করি, আগামীকাল মঙ্গলবারের মধ্যে হত্যায় জড়িত প্রকৃত আসামিদের গ্রেপ্তারের আওতায় আনা হবে। এসপির এমন আশ্বাসের পরই সাংবাদিকেরা বেলা একটার দিকে ঘেরাও কর্মসূচি শেষ করেন।
সাংবাদিক মসিউর রংপুরের স্থানীয় পত্রিকা ‘যুগের আলো’র জ্যেষ্ঠ প্রতিবেদক ছিলেন। পরিবার নিয়ে তিনি রংপুর শহরের পীরপুরে থাকতেন। গত বুধবার রাত নয়টার দিকে দাওয়াতের কথা বলে তিনি রংপুর শহরে পত্রিকার কার্যালয় থেকে বের হন। এরপর তাঁকে আর খুঁজে পাওয়া যায়নি। পরদিন বৃহস্পতিবার সকালে রংপুর শহর থেকে সাত কিলোমিটার দূরে শেখপাড়া এলাকায় একটি গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় মসিউরের মা নূরজাহান বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন।