সাংবাদিক হত্যায় জড়িতদের বিচার নিশ্চিত করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেশাগত দায়িত্ব পালনের সময় বিভিন্ন দেশে সেসব সাংবাদিক খুন হয়েছেন, তাঁদের হত্যাকারীদের বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশ। ২ নভেম্বর জাতিসংঘ-ঘোষিত ‘ইন্টারন্যাশনাল ডে টু অ্যান্ড ইম্পিউনিটি ফর ক্রাইমস অ্যাগেইনস্ট জার্নালিস্ট’ উপলক্ষে ইউনিয়নের সভাপতি মনজুরুল আহসান বুলবুল ও মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া গতকাল শনিবার এক বিবৃতিতে এ আহ্বান জানান।
বিবৃতিতে সাংবাদিক নেতারা বলেন, গত চার দশকে বাংলাদেশে পেশাগত দায়িত্ব পালনকালে প্রায় ‘দুই ডজন’ সাংবাদিক প্রাণ হারিয়েছেন। নির্যাতন ও হুমকির শিকার হয়েছেন কয়েক শ সাংবাদিক। কিন্তু সাম্প্রতিক সময়ে কেবল ফরিদপুরের গৌতম দাস হত্যাকাণ্ডের বিচার আইনগতভাবে নিম্ন আদালতে নিষ্পত্তি হয়েছে। চার দশকে এটাই একমাত্র দৃষ্টান্ত।
সাংবাদিক নেতারা বলেন, যখন কোনো বিচার হয় না, তখন তা সাংবাদিক বা গণমাধ্যমের বিরুদ্ধে আরেকটি অপরাধকেই উৎসাহিত করে। তাঁরা সাংবাদিক হত্যাকারীদের বিচার এবং নির্যাতনকারী ও হুমকিদাতাদের শাস্তি নিশ্চিত করার মধ্য দিয়ে গণমাধ্যমের জন্য স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে সবার প্রতি আহ্বান জানান। বিজ্ঞপ্তি।