সাংবাদিক হাকিম হত্যা: দায়ীদের শাস্তি চায় আইএফজে-সিপিজে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক আবদুল হাকিম নিহত হওয়ার ঘটনার সঙ্গে জড়িত লোকজনের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছে সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্টস (আইএফজে) এবং কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)।

পৃথক বিবৃতিতে আইএফজে ও সিপিজে এ দাবি জানিয়েছে। সাংবাদিক নিহত হওয়ার ঘটনার তীব্র নিন্দাও জানিয়েছে সংগঠন দুটি।

সিপিজে গতকাল শুক্রবার নিজেদের ওয়েবসাইটে বিবৃতি দেয়। ওই বিবৃতিতে সাংবাদিক হাকিম হত্যায় দায়ী ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় আনা ও ঘটনার সুষ্ঠু তদন্ত করার আহ্বান জানানো হয়। সিপিজের এশিয়া প্রোগ্রাম কো-অর্ডিনেটর স্টিভ বাটলার বলেন, ‘গুলির ঘটনা অনেকের সামনে ঘটেছে। পুলিশের অস্ত্র উদ্ধার ও এর মালিককে শনাক্ত করার খবর পাওয়া গেছে। এ অপরাধীকে দ্রুত বিচারের আওতায় আনার ক্ষেত্রে ব্যর্থতার কোনো ক্ষমা নেই।’

আইএফজে গতকাল শুক্রবার নিজেদের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে সাংবাদিক হাকিম হত্যায় জড়িত ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করার আহ্বান জানায়। এ ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশের প্রতি আহ্বানও জানায় সংগঠনটি। আইএফজের তথ্য অনুযায়ী, ২০১৭ সালে দায়িত্বরত অবস্থায় মারা যাওয়া প্রথম সাংবাদিক হাকিম।

আইএফজের সাধারণ সম্পাদক অ্যান্থনি বেলাঙ্গার বলেন, ‘দায়িত্ব পালনের সময় সহকর্মী আবদুল হাকিমের মৃত্যুর এই ঘটনার তীব্র নিন্দা জানায় আইএফজে। এটা বিশ্বজুড়ে সাংবাদিকদের আত্মত্যাগের ঘটনাকে স্মরণ করিয়ে দেয়। আমরা হাকিম ও তাঁর নানির মৃত্যুতে তাঁদের পরিবারকে সমবেদনা জানাই।’

বাসস জানিয়েছে, হাকিম নিহত হওয়ার ঘটনায় ক্ষোভ, উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।
আজ শনিবার এক যুক্ত বিবৃতিতে বিএফইউজের সভাপতি মনজুরুল আহসান বুলবুল, মহাসচিব ওমর ফারুক এবং ডিইউজের ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে একজন সাংবাদিক এভাবে হত্যার শিকার হওয়া সভ্য সমাজে কাম্য হতে পারে না। বিবৃতিতে নেতারা অবিলম্বে হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি দাবি করে হাকিমের পরিবারকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান।

এদিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে হাকিম হত্যার ঘটনায় অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে বিএফইউজের একাংশ। বিএফইউজের সভাপতি শওকত মাহমুদ ও মহাসচিব এম আবদুল্লাহ ওই বিজ্ঞপ্তিতে অভিযোগ করেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক আবদুল হাকিমকে গুলি করে হত্যা করা হয়েছে।

সিরাজগঞ্জের শাহজাদপুরে গত বৃহস্পতিবার আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হন সমকাল-এর শাহজাদপুর প্রতিনিধি আবদুল হাকিম। গতকাল শুক্রবার তাঁর মৃত্যু হয়। এ খবর শুনে তাঁর নানি রোকেয়া বেগমও গতকাল মারা যান।