সাংবাদিক হাকিম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় গুলিবিদ্ধ হয়ে নিহত সমকালের স্থানীয় প্রতিনিধি আবদুল হাকিম ওরফে শিমুল হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির দাবিতে আজ রোববার পটুয়াখালীর বাউফলে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে।
বাউফলে কর্মরত সাংবাদিকদের ব্যানারে আজ বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের সামনের সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন বাউফল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি অতুল চন্দ্র পাল, বাউফল রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাচ্চু, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এম এ বাশার, সমকালের বাউফল প্রতিনিধি জিতেন্দ্র নাথ রায়, প্রথম আলোর এ বি এম মিজানুর রহমান, যুগান্তরের শিবলী সাদেক প্রমুখ। এ সময় বক্তারা শিমুলের খুনিদের বিচার দ্রুত নিষ্পত্তি করার দাবি জানান এবং পাশাপাশি পেশাদার সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এদিকে দুপুর ১২টার দিকে বাউফল প্রেসক্লাব ও মফস্বল সাংবাদিক ফোরামের ব্যানারেও সাংবাদিক শিমুল হত্যার প্রতিবাদে বাউফল প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে বক্তব্য দেন প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান ও সাধারণ সম্পাদক অহিদুজ্জামান ডিউক, সাংবাদিক আমিরুল ইসলাম প্রমুখ।
প্রসঙ্গত, শাহজাদপুরে ২ ফেব্রুয়ারি আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের সময় মাথায় গুলিবিদ্ধ হন সাংবাদিক শিমুল। পরদিন ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। এ খবর পেয়ে ওই দিন সন্ধ্যায় হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান তাঁর নানি রোকেয়া বেগম। পৌর মেয়র হালিমুল হকের গুলিতে সাংবাদিক শিমুল মারা গেছেন বলে অভিযোগ ওঠে। ঘটনার পরপর আওয়ামী লীগ দল থেকে বহিষ্কার করে হালিমুল হককে। শিমুল হত্যার ঘটনায় পৌর মেয়রসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।