সাংবাদিক হিমাংশু আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর প্রবীণ সাংবাদিক প্রথম আলোর সাবেক প্রতিনিধি হিমাংশু কুমার সাহা মারা গেছেন। আজ শুক্রবার দুপুরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হিমাংশু কুমার সাহা রাজবাড়ী শহরের দক্ষিণ ভবানীপুর মাস্টারপাড়া এলাকার বাসিন্দা ছিলেন।

প্রয়াত হিমাংশু সাহার ভাতিজি দীপিকা সাহা জানান, তিনি অনেক দিন ধরে অসুস্থ ছিলেন। সম্প্রতি তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতাল ও পরে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার রাতেই সদর উপজেলার আলীপুর ইউনিয়নের বারোবাকপুর গ্রামে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

এক দশকের বেশি সময় ধরে তিনি প্রথম আলোর রাজবাড়ী প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। দৈনিক দেশ পত্রিকা দিয়ে তাঁর সাংবাদিকতা শুরু। এরপর কাজ করেছেন দৈনিক আজকের কাগজ, ভোরের কাগজ এবং সবশেষ তিনি বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় কর্মরত ছিলেন। দায়িত্ব পালন করেছেন রাজবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে।

ছাত্রজীবনে হিমাংশু সাহা বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ছাত্র ইউনিয়ন, ন্যাপ, যুব ইউনিয়ন ও কমিউনিস্ট পার্টির সঙ্গে জড়িত ছিলেন। রাজনৈতিক কারণে বিভিন্ন সময়ে কারাবরণ করেছেন।