সাংবাদিক হুমায়ুন কবীর বালুর মৃত্যুবার্ষিকী পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জন্মভূমির সম্পাদক হুমায়ুন কবীর বালুর ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল সোমবার এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে স্মরণসভায় বক্তারা বলেন, ‘হুমায়ুন কবীর বালু ছিলেন একজন নির্ভীক সাংবাদিক। কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে, তা আজও আমরা জানতে পারিনি। তাঁকে যারা হত্যা করেছে, তাদেরও বিচার হয়নি।
পুলিশের দুর্বল তদন্ত প্রতিবেদন ও ত্রুটিপূর্ণ অভিযোগপত্রের কারণে হত্যা মামলার আসামিদের সাজা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। মামলার পুনরায় তদন্ত এবং প্রকৃত আসামি ও এর মদদদাতাদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানানো হয়।
এ ছাড়া স্মরণসভায় গত ডিসেম্বরে সাংবাদিকদের অগোচরে বালু হত্যাকাণ্ডের ঘটনায় করা বিস্ফোরক অংশের মামলার দায়সারা গোছের অভিযোগপত্র আদালতে দাখিল করায় খুলনা প্রেসক্লাবের পক্ষ থেকে নিন্দা জানানো হয়।
খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মামুন রেজার সঞ্চালনায় স্মরণ সভায় বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি আলী আহমেদ, ওয়াদুদুর রহমান পান্না, শেখ আবু হাসান, মকবুল হোসেন মিন্টু, এ কে হিরু, এস এম জাহিদ হোসেন প্রমুখ।
২০০৪ সালের ২৭ জুন নগরের শান্তিধাম মোড়ের নিজ কার্যালয়ের সামনে সন্ত্রাসীদের বোমা হামলায় নিহত হন হুমায়ুন কবীর বালু। আহত হন তাঁর বড় ছেলে আসিফ কবীর। এ ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক ধারায় দুটি মামলা হয়।