সাংবাদিক হোসাইন জাকির ক্যানসারে আক্রান্ত
তরুণ সাংবাদিক হোসাইন জাকির ক্যানসারে আক্রান্ত। তিনি এখন রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নাক, কান ও গলা বিভাগে চিকিৎসাধীন। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর অবস্থা সংকটাপন্ন।
গতকাল রোববার হোসাইন জাকির প্রথম আলোকে বলেন, কিছুদিন থেকে গলায় ব্যথ্যা অনুভব করছিলেন। প্রথমে বিষয়টি গুরুত্ব দেননি। একপর্যায়ে গলায় টিউমার-জাতীয় কিছুর অস্তিত্ব টের পান। পরে পরীক্ষায় গলায় ক্যানসার ধরা পড়ে।
গত শনিবার হোসাইন জাকিরকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়। তিনি অধ্যাপক বেলায়েত হোসেন সিদ্দিকীর তত্ত্বাবধানে আছেন। একজন চিকিৎসক জানিয়েছেন, পরীক্ষা-নিরীক্ষায় দেখা গেছে হোসাইন জাকিরের গলা ও মুখে ক্যানসার ছড়িয়ে পড়েছে এবং তা জটিল আকার ধারণ করেছে।
চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক নতুন বাংলাদেশ পত্রিকা দিয়ে গণমাধ্যমকর্মী হিসেবে কাজ শুরু করেন হোসাইন জাকির। এরপর চট্টগ্রামের নয়াবাংলা, ঢাকায় দৈনিক মানবজমিন, আজকের কাগজ (অধুনালুপ্ত) ও যুগান্তর পত্রিকায় কাজ করেন। এর মধ্যে যুগান্তর-এ তিনি প্রায় ১১ বছর নিজস্ব ও জ্যেষ্ঠ প্রতিবেদক ছিলেন। এরপর আলোকিত বাংলাদেশ পত্রিকার প্রধান প্রতিবেদক হিসেবে কাজ করেন। সম্প্রতি তিনি অপ্রকাশিত দৈনিক আজকের পত্রিকার প্রধান প্রতিবেদক হিসেবে যোগ দেন।
মাঠপর্যায়ের গণমাধ্যমকর্মীদের কাছে হোসাইন জাকির খুবই বন্ধুবৎসল। মাত্রাতিরিক্ত পান খাওয়ার জন্য গণমাধ্যমকর্মীদের কাছে তিনি বিশেষভাবে পরিচিত। কাজের স্বীকৃতি হিসেবে একাধিক পুরস্কারও পেয়েছেন।
চিকিৎসকেরা বলেছেন, বিদেশে গিয়ে আধুনিক চিকিৎসা নিলে হোসাইন জাকিরের সুস্থ হয়ে ওঠার সুযোগ আছে। বিদেশ গিয়ে ক্যানসার চিকিৎসায় বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন। হোসাইন জাকির প্রথম আলোকে বলেছেন, দুটি পত্রিকার কাছে যে অর্থ পাওনা আছে, তা পেলে কারও কাছে হাত পাততে হবে না। জীবনটা বাঁচাতে পারবেন।