সাংবাদিককে আ.লীগ নেতার ছেলের হুমকি
খবর প্রকাশে ক্ষিপ্ত হয়ে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমীন বিশ্বাসের ছেলে সজীব বিশ্বাস প্রথম আলোর রাজবাড়ী প্রতিনিধিকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে রাজবাড়ী সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।গতকাল মঙ্গলবার সকাল ১০টা ৩৮ মিনিটে সজীব বিশ্বাস একটি মুঠোফোন থেকে প্রতিবেদককে ফোন করেন। তিনি প্রথমে জানতে চান খবরে কী লিখেছেন। তাঁকে পত্রিকা দেখতে বললে এ প্রতিবেদনটি কে লিখতে বলছে এবং কেন লেখা হয়েছে তা জানতে চান। এর পর সজীব অকথ্য ভাষায় গালাগাল করেন এবং দেখে নেওয়ার হুমকি দেন। উপজেলার বহরপুর ইউনিয়নের মহারাজাপুর গ্রামের আসাদুল নামের একজন দিনমজুর অভিযোগ করেন, রোববার সন্ধ্যায় তিনি বহরপুর ভাঙা সেতুর কাছে তাঁর বন্ধুর বাড়ি যাচ্ছিলেন। ঘটনাস্থলে যাওয়ার পর সজীব বিশ্বাস ও তাঁর সহযোগী মন্টু তাঁর গতিরোধ করে মারধর করেন এবং তাঁর কাছে থাকা সব টাকা ছিনতাই করেন। এ নিয়ে গতকাল প্রথম আলোতে ‘আ.লীগ নেতার ছেলের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ’ শিরোনামে খবর প্রকাশিত হয়।