সুনামগঞ্জের দিরাইয়ে জলমহাল দখল করা নিয়ে আওয়ামী লীগ ও যুবলীগের সংঘর্ষে তিনজন নিহতের ঘটনায় হওয়া মামলায় দৈনিক যুগান্তর পত্রিকার স্থানীয় প্রতিনিধিকে আসামি করার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিকেরা।
গতকাল শুক্রবার বিকেলে উপজেলার প্রেসক্লাব কার্যালয়ে প্রতিবাদ সভা করে ওই মামলার ঘটনায় নিন্দা জানানো হয়। এতে উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান তালুকদারের সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের সদস্য আবু হানিফ চৌধুরী, শামছুল আলম, সোয়েব হাসান, শাহজাহান মাহমুদ হেলাল, মুহাম্মদ আবদুল বাছির সরদার, প্রশান্ত সাগর দাস, ইমরান হোসাইন, জাকারিয়া হোসেন জুসেফ প্রমুখ।
গত মঙ্গলবার দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের জারলিয়া জলমহালের দখল নিয়ে দিরাই পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ মিয়া এবং উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য একরার হোসেনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে তিনজন মারা যান। এ ঘটনায় গত বৃহস্পতিবার দিরাই থানায় পাল্টাপাল্টি দুটি মামলা করা হয়। এরই একটিতে যুগান্তর-এর দিরাই উপজেলা প্রতিনিধি জিয়াউর রহমানকে আসামি করা হয়েছে। একরার হোসেন মামলাটি দায়ের করেন।
এ বিষয়ে জিয়াউর রহমান বলেন, ‘আমাকে ষড়ন্ত্রমূলকভাবে এ মামলায় আসামি করা হয়েছে। পত্রিকায় সংবাদ প্রকাশের জের ধরেই এটা করা হয়েছে।’
মামলার বাদী একরার হোসেন ভাষ্য, সংঘর্ষের ঘটনায় জড়িত থাকায় জিয়াউর রহমানকে আসামি করা হয়েছে। অন্য কোনো কারণে নয়।