সাংবাদিককে চিকিৎসা দিতে অস্বীকৃতির ঘটনার তদন্ত শুরু
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিককে চিকিৎসা দিতে শিক্ষানবিশ চিকিৎসকদের অস্বীকৃতি জানানোর ঘটনার তদন্ত শুরু হয়েছে৷
হাসপাতালের চিকিৎসক একরামুল বারির নেতৃত্বে চার সদস্যের তদন্ত দল গতকাল রোববার দুপুরে আহত সাংবাদিক গুলবার আলীর বাড়িতে গিয়ে তাঁর এবং তাঁর স্ত্রী ফৌজিয়া শাহনাজের সাক্ষ্য গ্রহণ করে৷
৬ মে ফটোসাংবাদিক গুলবার আলীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকেরা চিকিৎসা দিতে অস্বীকৃতি জানান এবং হাসপাতাল থেকে চলে যেতে বলেন৷
এরপর শিক্ষানবিশ চিকিৎসকদের সনদ প্রদান থেকে বিরত থাকা যাবে না কেন, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। আদালতের রুলের চিঠি পাওয়ার পর গত শনিবার হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসক একরামুল বারিকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করে৷ কমিটিকে ১৩ মের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়৷
এর আগে গত ২ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সন্ধ্যাকালীন কোর্স বাতিলের দাবিতে আন্দোলন চলাকালে পেশাগত দায়িত্ব পালনের সময় শিক্ষার্থীরা পিটিয়ে ফটোসাংবাদিক গুলবার আলীর এক পা ভেঙে দেন৷