সাংবাদিককে চিকিৎসা না দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকেরা এবার স্থানীয় একজন সাংবাদিককে চিকিৎসা না দিয়ে ফিরিয়ে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে৷ এ ঘটনার প্রতিবাদে আজ বৃহস্পতিবার সকালে নগরে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি৷
ওই সাংবাদিকের নাম গুলবার আলী৷ তিনি একটি স্থানীয় ও একটি জাতীয় দৈনিকের ফটোসাংবাদিক৷ গত ২ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সন্ধ্যাকালীন কোর্স বাতিলের দাবিতে আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের মারপিটে গুলবার আলীর এক পা ভেঙে যায়৷ ওই দিন তিনি রাজশাহী মেডিকেলের ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি হলে তাঁর পায়ে অস্ত্রোপচার করে রড লাগিয়ে দেওয়া হয়৷ ১৫ দিন হাসপাতালে থাকার পর তিনি চিকিৎসকের পরামর্শে বাড়ি চলে যান৷ পায়ের রড খুলে প্লাস্টার করতে চিকিৎসকের পরামর্শে তিনি গত রোববার আবার হাসপাতালে ভর্তি হন৷
সাংবাদিক গুলবার আলী জানান, রোববার বিকেলে অর্থপেডিক সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক বি কে দাম তাঁকে দেখেন৷ পরের দিন সোমবার তাঁর পায়ের অস্ত্রোপচার করা হবে বলে প্রয়োজনীয় ওষুধপথ্য কিনে রাখতে বলেন৷ মঙ্গলবার বেলা ১১টার দিকে বি কে দাম তাঁকে রক্ত ও ইসিজি পরীক্ষা করাতে বলেন৷ সে অনুযায়ী তাঁর স্ত্রী কাগজপত্র নিয়ে দুপুরে অর্থোপেডিক বিভাগের ১ নম্বর ওয়ার্ডের চিকিৎসক সোহেলের কক্ষে যান৷ সেখানে বসে থাকা কয়েকজন শিক্ষানবিশ চিকিৎসক তাঁর স্ত্রীকে জানিয়ে দেন, এ হাসপাতালে কোনো সাংবাদিকের চিকিৎসা হবে না৷ তাঁকে (গুলবার) যেন ঢাকার কোনো হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করান৷ এরপর বাধ্য হয়ে তিনি ছাড়পত্র নিয়ে সন্ধ্যার আগে হাসপাতাল ছেড়ে বাড়ি চলে যান৷
বি কে দাম গতকাল বুধবার বিকেলে প্রথম আলোকে বলেন, তাঁর ওয়ার্ডের কোনো শিক্ষানবিশ চিকিৎসক ওই সাংবাদিককে হাসপাতাল ছাড়তে বলেননি৷ অন্য ওয়ার্ডের শিক্ষানবিশ চিকিৎসকেরা তাঁকে হাসপাতাল ছাড়তে বললেও বিষয়টি তাঁকে জানানো উচিত ছিল৷
বি কে দাম আরও বলেন, প্রয়োজনীয় পরীক্ষাগুলো করে রাখলে আগামী রোববার তিনি হাসপাতালেই সাংবাদিক গুলবারের অস্ত্রোপচার করে দেবেন৷
আজ বিক্ষোভ: সাংবাদিককে চিকিৎসা না দেওয়ার প্রতিবাদে রাজশাহীতে কর্মরত সাংবাদিকেরা গতকাল বুধবার দুপুরে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির ব্যানারে জরুরি বৈঠক করেন৷ বৈঠকে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় নগরের সাহেববাজার জিরো পয়েন্টে বিক্ষোভ সমাবেশ পালনের সিদ্ধান্ত নেওয়া হয়৷
এর আগে গত ২০ এপ্রিল রাজশাহী মেডিকেলে সংবাদ সংগ্রহের জন্য গেলে সাংবাদিকদের ওপর হামলা চালান শিক্ষানবিশ চিকিৎসকেরা৷ এতে ১০ সাংবাদিক আহত হন৷ ওই ঘটনায় শিক্ষানবিশ চিকিৎসকদের বিরুদ্ধে সাংবাদিকেরা পৃথক দুটি মামলা করেন এবং দোষী ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে আন্দোলনে নামেন৷ পরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাঁচ সদস্যের তদন্ত দল ঘটনাটি তদন্ত করে এবং তাদের আশ্বাসের পরিপ্রেক্ষিতে সাংবাদিকেরা আন্দোলন স্থগিত করেন৷