সাংবাদিককে চেয়ারম্যানের হুমকি প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটায় স্থানীয় ফেরদৌস খান (ইমন) নামে এক সাংবাদিককে দেখে নেওয়ার হুমকির অভিযোগ পাওয়া গেছে। গত ২২ মার্চ ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফল সংগ্রহ করতে গেলে ওই হুমকি দেন কাকচিড়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলাউদ্দিন আহম্মেদ। এ ঘটনার প্রতিবাদে গতকাল সকালে পাথরঘাটা প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন করা হয়েছে।
ফেরদৌস খান (ইমন) আরটিভির বরগুনা (উত্তর) প্রতিনিধি ও পাথরঘাটা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক।
ফেরদৌস খান বলেন, কাকচিড়া ইউনিয়নে ভিজিডির চাল আত্মসাৎ করার অভিযোগে গত ১০ ফেব্রুয়ারি আরটিভিতে একটি প্রতিবেদন প্রচারিত হয়। এ ঘটনার জের ধরে চেয়ারম্যান তাঁকে দেখে নেওয়ার হুমকি দেন।
আলাউদ্দিন আহম্মেদ বলেন, ‘ইমন আমার বিরুদ্ধে নিউজ করবেন না বলে টাকা নিয়েছেন। আবার তিনি নিউজও করেছেন। তাই ওই দিন টাকা ফেরত চেয়েছি।’ তবে দেখে নেওয়ার হুমকি তিনি অস্বীকার করেছেন।