সাংবাদিককে ছাত্রলীগের হুমকি, প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার পূর্বধলা উপজেলা প্রেসক্লাবের সভাপতি শফিকুল আলমকে (শাহীন) ছাত্রলীগের নেতা-কর্মীদের হত্যার হুমকির প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন হয়েছে। জেলা প্রেসক্লাবের সামনের সড়কে নেত্রকোনা সাংবাদিক সমাজের ব্যানারে গতকাল শুক্রবার ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বেলা সাড়ে ১১টার দিকে এ মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন নেত্রকোনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল, জেলা কৃষক লীগের সভাপতি কেশব রঞ্জন সরকার, নেত্রকোনা সরকারি কলেজের সাবেক ভিপি দেব শংকর রায়, নেত্রকোনা টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আনিছুর রহমান, বিটিভির জেলা প্রতিনিধি শিমুল মিলকী, দৈনিক বাংলার নেত্র পত্রিকার সম্পাদক ও যমুনা টিভির জেলা প্রতিনিধি কামাল হোসাইন, বাংলাদেশ প্রতিদিন ও সময় টিভির আলপনা বেগম, জেলা মানবাধিকার নাট্যপরিষদের সভাপতি সালাউদ্দিন খান প্রমুখ।

শফিকুল আলম দৈনিক ইত্তেফাক-এর পূর্বধলা সংবাদদাতা। পাশাপাশি তিনি পূর্বকণ্ঠ ডট কম নামে একটি অনলাইনের সম্পাদক ও প্রকাশক। 

শফিকুল বলেন, ২২ জুলাই পূর্বধলা ডিগ্রি কলেজে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের কিছু নেতা-কর্মীর হামলায় পাঁচজন আহত হন। এ ঘটনা নিয়ে দৈনিক ইত্তেফাকের অনলাইন ও পূর্বকণ্ঠ অনলাইনে সংবাদ প্রকাশিত হয়। ওই দিন রাত ১০টার দিকে উপজেলা ছাত্রলীগের সভাপতি সারোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম ওরফে মণি মণ্ডলের নেতৃত্বে ১০-১৫ জন তাঁর বাসায় প্রবেশ করেন। তাঁরা তাঁর মুঠোফোনটি কেড়ে নিয়ে অশ্রাব্য ভাষায় গালাগাল করেন ও প্রাণনাশের হুমকি দেন। পরদিন রাতে তিনি পূর্বধলা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।