সাংবাদিককে থানায় মেরে জেলে পাঠানোর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামু থানা পুলিশের বিরুদ্ধে ঘুষ-বাণিজ্য ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে সংবাদ প্রকাশের জের ধরে এক সাংবাদিককে থানায় নিয়ে বেদম মারধর এবং নারী নির্যাতন মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনার প্রতিবাদে স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা গতকাল সোমবার রামু উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন।তবে সাংবাদিক নির্যাতনের অভিযোগ অস্বীকার করে রামু থানার ওসি মো. গিয়াস উদ্দিন মিয়া বলেন, চাচাতো ভাইয়ের সঙ্গে জমিজমা-সংক্রান্ত বিরোধের জের ধরে করা মামলায় সাংবাদিক ওবাইদুল হককে গ্রেপ্তার করা হয়েছে।জানা গেছে, গত শনিবার স্থানীয় পত্রিকা দৈনিক হিমছড়িতে ‘রামু থানা পুলিশের ঘুষ-বাণিজ্য ও স্বেচ্ছাচারিতা, হয়রানির শিকার বিচারপ্রার্থীরা’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়। রোববার দুপুরে চৌমুহনী স্টেশন থেকে ওই সংবাদের প্রতিবেদক নোমানকে থানায় ধরে নিয়ে যান রামু থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ ইউসুফ। অভিযোগ উঠেছে, পরে নোমানকে ওসি তাঁর কক্ষে নিয়ে বন্দুকের বাঁট ও লাঠি দিয়ে বেদম মারধর করেন।