সাংবাদিককে নির্যাতনকারীদের শাস্তি দাবি
নাটোরের গুরুদাসপুরে দৈনিক ইত্তেফাক-এর উপজেলা সংবাদদাতা রাশিদুল ইসলামকে (২৫) নির্যাতনকারীদের গ্রেপ্তারের দাবিতে গতকাল রোববার মানববন্ধন ও সমাবেশ করেছেন স্থানীয় সংবাদকর্মীরা।
থানা মোড়ে সমাবেশে নির্যাতনের শিকার রাশিদুল ইসলাম বলেন, গুরুদাসপুর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান তাঁকে গত শনিবার দুপুরে থানাসংলগ্ন মসজিদ গেটের সামনে শারীরিক নির্যাতন করেন। এ নিয়ে তিনি শনিবার কামরুজ্জামান ও তাঁর দুই সহযোগীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেন। কিন্তু গতকাল পর্যন্ত তাঁদের বিরুদ্ধে পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি।
সংবাদকর্মীরা অভিযোগ করেন, সরকারি দলের কতিপয় নেতার দাপটে গুরুদাসপুরে সংবাদকর্মীদের পেশাগত দায়িত্ব পালন করা কঠিন হয়ে পড়েছে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে যুবলীগের অভিযুক্ত নেতাকে গ্রেপ্তার করে শাস্তি দেওয়া না হলে তাঁরা কঠোর কর্মসূচিতে যাবেন বলে হুমকি দেন।
জ্যেষ্ঠ সাংবাদিক শাহজাহান আলী ওই সমাবেশে সভাপতিত্ব করেন। আরও বক্তব্য দেন গুরুদাসপুর বার্তার সম্পাদক সাজেদুর রহমান, সমকাল-এর এম এম আলী আক্কাছ, প্রথম আলোর আনিসুর রহমান, কালের কণ্ঠ-এর মো. মাজেম আলী প্রমুখ। সমাবেশে সংবাদকর্মী ছাড়াও নানা শ্রেণি-পেশার লোক অংশ নেন।
সমাবেশ শেষে অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার ও স্থানীয় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের অনুকূল পরিবেশ নিশ্চিত করার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে নাটোরের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে গুরুদাসপুরে কর্মরত বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক দৈনিকের ১৫ জন সংবাদকর্মী স্বাক্ষর করেন। ইউএনও ছুটিতে থাকায় তাঁর অফিস সহকারী স্মারকলিপিটি গ্রহণ করেন।
পৌর যুবলীগের সভাপতি তাহের সোনার বলেন, বিষয়টি স্থানীয়ভাবে আপস করার চেষ্টা চলছে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম হোসেন বলেন, অভিযোগটি সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে নথিভুক্ত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।