সাংবাদিককে নির্যাতনের পর এবার চাঁদাবাজির মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চান্দপুর চা-বাগানে শ্রমিকদের রেশন বিতরণে অনিয়ম নিয়ে সংবাদ করায় সাংবাদিককে নির্যাতনের পর এবার চাঁদাবাজির মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে। এলাকাবাসীর অভিযোগ, ওই সংবাদ করায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চুনারুঘাটের দেওরগাছ ইউপি চেয়ারম্যান আবু তাহের লোকজন দিয়ে সাংবাদিক মনিরুজ্জামানের ওপর হামলা করেন। গত ৪ এপ্রিল ঘনিষ্ঠজন দিয়ে তাঁর বিরুদ্ধে মামলাও করান।এদিকে সাংবাদিক মনিরুজ্জামানের পক্ষে তাঁর চাচা আবুল কালাম আজাদ গতকাল বুধবার দেওরগাছ ইউপি চেয়ারম্যানসহ পাঁচজনের নাম উল্লেখ করে এবং আরও ৮-১০ জনকে আসামি করে হবিগঞ্জ বিচারিক হাকিম আদালতে পাল্টা মামলা করেছেন। এলাকাবাসী ও সমাজসেবা অফিস সূত্রে জানা গেছে, বিশ্বব্যাংকের অর্থায়নে সাপোর্ট সার্ভিসেস প্রোগ্রাম ভালনারেবল গ্রুপের (এসএসপিভিজি) অধীনে চা-শ্রমিকদের মধ্যে রেশন বিতরণ কার্যক্রম পরিচালনা করে আসছে সমাজসেবা অধিদপ্তর। চা-বাগানে নির্ধারিত শ্রমিকদের মধ্যে রেশন বিতরণে অনিয়মের ওপর একটি সংবাদ পরিবেশন করা হয় গত ২৫ এপ্রিল হবিগঞ্জের স্থানীয় একটি পত্রিকায়। এতে ক্ষিপ্ত হয়ে গত ২৬ এপ্রিল রাতে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আবু তাহের ও তাঁর লোকজন নিউ নেশন ও দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার চুনারুঘাট সংবাদদাতা মনিরুজ্জামানের ওপর হামলা করেন।