সাংবাদিককে পিটুনির ঘটনায় তদন্ত কমিটি
পঞ্চগড়ে সাংবাদিক এ রহমান মুকুলকে পিটিয়ে আহত করার ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল রোববার ওই কমিটি গঠন করা হয়।
ঘটনার নিরপেক্ষ তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবিকে গতকাল দুপুরে জেলার সব সাংবাদিকদের পক্ষ থেকে ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হকের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়। এ সময় অধিনায়ক সাংবাদিকদের পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করার বিষয়টি জানান। তিনি তাঁদের আরও জানান, আগামী ১০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
জানা গেছে, দৈনিক জনকণ্ঠ ও চ্যানেল আই-এর জেলা প্রতিনিধি এ রহমান মুকুল গত শনিবার দুপুরে বিএসএফের গুলিতে নিহত ব্যক্তির খবর সংগ্রহ করতে গেলে বিজিবির ঘাগড়া কোম্পানি কমান্ডার মো. জসিম উদ্দিন প্রাথমিকভাবে তথ্য দিতে অস্বীকার করেন। এ সময় ওই ক্যাম্পের বিজিবি সদস্যরা কাচু মোহাম্মদ নামে স্থানীয় এক কৃষককে মারধর করেন। তাঁকে মারধরের কারণ জানতে চাইলে কোম্পানি কমান্ডারসহ বিজিবির পাঁচ-ছয়জন সদস্য মুকুলকে পেটান। এ নিয়ে গতকাল প্রথম আলোতে ‘পঞ্চগড়ে বিজিবির পিটুনিতে সাংবাদিক আহত’ শিরোনামে সংবাদ ছাপা হয়।
গতকাল এ রহমান মুকুলকে দেখতে জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন, পুলিশ সুপার আবুল কালাম আজাদ ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সদর হাসপাতালে যান।
তদন্ত কমিটির প্রধান ১৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. ইমাম হোসেন বলেন, ‘তদন্ত শুরু হয়েছে। আশা করছি দুই-এক দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে পারব।’