সাংবাদিককে পেটালেন ছাত্রলীগের কর্মীরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনকণ্ঠ-এর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আহম্মেদ রিয়াদকে ছাত্রলীগের কর্মীরা পিটিয়ে আহত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জাহাঙ্গীরনগর সুপার মার্কেটের একটি খাবার দোকানের ভেতর তাঁকে পেটানো হয়। রিয়াদকে সাভারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল বিকেল সাড়ে চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ক্রিকেট খেলছিলেন আহম্মেদ রিয়াদ। পাশেই ফুটবল খেলছিলেন শহীদ রফিক-জব্বার ও মওলানা ভাসানী হলের ছাত্রলীগের কর্মীরা। কিছক্ষণ পর ফুটবল খেলার স্থানে ক্রিকেট বল চলে যাওয়াকে কেন্দ্র করে রিয়াদের সঙ্গে ছাত্রলীগের কর্মীদের বাগিবতণ্ডা হয়। বিকেল সাড়ে পাঁচটার দিকে পারভেজ, মো. সোহেল এবং সজীবের নেতৃতে ছাত্রলীগের ৮-১০ জন কর্মী ক্রিকেট স্ট্যাম্প নিয়ে রিয়াদকে ধাওয়া করলে রিয়াদ দৌড়ে মাঠসংলগ্ন ওই মার্কেটের একটি খাবার দোকানে আশ্রয় নেন। ছাত্রলীগের কর্মীরা দোকানের ভেতরে গিয়ে রিয়াদকে স্ট্যাম্প দিয়ে পেটাতে থাকেন। পরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা ও শিক্ষার্থীরা রিয়াদকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান। পরে তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এনাম মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. জিসান হোসেন বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে রিয়াদ বাম হাতে গুরুতর আঘাত পেয়েছেন। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আজগর আলী বলেন, যাঁদের বিরুদ্ধে মারধরের অভিযোগ পাওয়া গেছে ছাত্রলীগের সঙ্গে তাঁদের কোনো সম্পৃক্ততা নেই। বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক আরজু মিয়া বলেন, বিষয়টি উপাচার্যকে অবহিত করা হয়েছে। উপাচার্য ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।