সাংবাদিককে মারধর করে ট্রেন থেকে নামিয়ে দিল ছাত্রলীগ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগের কর্মীরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক সাংবাদিককে মারধর করে শাটল ট্রেন থেকে নামিয়ে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে৷ এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে লিখিতভাবে অভিযোগ দিয়েছেন মারধরের শিকার ইনডিপেনডেন্ট টেলিভিশনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শরীফুল ইসলাম।
প্রত্যক্ষদর্শীরা জানান, নগরে ফেরার উদ্দেশ্যে বেলা আড়াইটার ট্রেনের একটি বগির আসনে বসে ছিলেন শরীফুল ইসলাম। কিছুক্ষণ পর নিজেদের নিয়ন্ত্রিত আসনে বসার অজুহাতে ছাত্রলীগের দুই কর্মীর নেতৃত্বে একদল কর্মী শরীফুলকে মারধর করে ট্রেন থেকে নামিয়ে দেন৷
ছাত্রলীগের ওই দুই কর্মী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বগিভিত্তিক উপসংগঠন ‘কনকর্ডের’ কর্মী।
এই পক্ষের নেতা আবদুল মালেক বলেন, ‘সাংবাদিকদের সঙ্গে আমাদের সব সময়ই সুসম্পর্ক রয়েছে। একটু ভুল বোঝাবুঝিতে এ ঘটনা ঘটেছে। আমরা জড়িতদের ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা নেব।’
শরীফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমার বসার আসনটি ছাত্রলীগের কর্মীদের নিয়মিত দখল করে রাখা ১২টি আসনের মধ্যে ছিল না। তার পরও তাঁরা আমাকে আসন ছেড়ে দিতে বলেন। কারণ জানতে চাইলে কিছু বুঝে ওঠার আগেই তাঁরা আমাকে মারধর করে ট্রেন থেকে নামিয়ে দেন৷’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ দৌল্লাহ বলেন, ‘আমি লিখিত অভিযোগ পেয়েছি। এ ঘটনায় অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’
বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ রক্ষার স্বার্থে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতারা।