সাংবাদিককে মারধর মানববন্ধন
লক্ষ্মীপুরের কমলনগরে চরকাদিরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আশ্রাফ উদ্দিন রোববার রাতে দৈনিক দিনকাল-এর কমলনগর উপজেলা প্রতিনিধি মোখলেছুর রহমানকে মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মোখলেছুর কমলনগর থানায় অভিযোগ দিয়েছেন।
এদিকে সাংবাদিক মারধরের প্রতিবাদে গতকাল মঙ্গলবার দুপুরে স্থানীয় সাংবাদিকেরা কমলনগর উপজেলা সদর হাজিরহাট বাজারে মানববন্ধন করেছেন। পরে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল আউয়ালের কাছে স্মারকলিপি দেন।
মোখলেছুর রহমান বলেন, অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশের জের ধরে ইউপি চেয়ারম্যান আশ্রাফ উদ্দিন রোববার রাতে তাঁকে ফজুমিয়ারহাট বাজারে ইউপি কার্যালয়ে ডেকে নিয়ে একটি কক্ষে আটকে রেখে মারধর করেন। পরে খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে।
আশরাফ উদ্দিন বলেন, রোববার রাতে ডাকাতির প্রস্তুতিকালে লোকজন নিয়ে তিনি পাঁচ ডাকাতকে আটক করেন। আটক এক ডাকাতের মুঠোফোনের ইনকামিং কলের তালিকা ঘেঁটে মোখলেছুরের মুঠোফোন নম্বর পওয়া যায়। পরে ইউনিয়ন পরিষদে ডেকে এনে এ ব্যাপারে জানতে চাইলে তিনি (মোখলেছুর) এলোমেলো কথা বলেন এবং ক্ষিপ্ত আচরণ করেন। এ জন্য তাঁকে আটকে রাখা হয়।
কমলনগর থানার ওসি কবির আহাম্মদ বলেন, মোখলেছুর রহমানকে রোববার রাতে ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে উদ্ধার করা হয়।