সাংবাদিককে মারধরের অভিযোগে মামলা
ময়মনসিংহের জেলা জজ আদালতের চত্বরে এক সাংবাদিককে মারধর করার অভিযোগে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে। মারধরের শিকার সাংবাদিক ওমর ফারুক বাদী হয়ে গত সোমবার রাতে মামলাটি করেন।
মামলায় দুজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আট-দশজনকে আসামি করা হয়েছে। মামলায় যে দুই আসামির নাম উল্লেখ করা হয়েছে, তাঁরা হলেন হাসিবুল হক ও তাঁর ছোট ভাই রাসেল। তাঁরা ময়মনসিংহ শহরের আকুয়া এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার বেলা দেড়টার দিকে দৈনিক মানবজমিন-এর হালুয়াঘাট উপজেলা প্রতিনিধি ওমর ফারুক একটি মামলায় আদালতে হাজিরা দিতে আসেন। হাজিরা শেষে করে ফিরে যাওয়ার সময় পূর্ববিরোধের জের ধরে হাসিবুল, রাসেলসহ আট-দশজন ওমর ফারুকের পথরোধ করে ছিনতাইকারী অপবাদ দিয়ে তাঁকে মারধর করে দুই নম্বর পুলিশ ফাঁড়িতে সোপর্দ করে। কিছুক্ষণ পর খবর পেয়ে ময়মনসিংহের কয়েকজন সাংবাদিক ওই ফাঁড়িতে গিয়ে তাঁকে ছাড়িয়ে আনেন এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
ওমর ফারুককে ছিনতাইকারী অপবাদ দিয়ে মারধর করার অভিযোগের বিষয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও হাসিবুল ও রাসেলের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।