সাংবাদিককে মারধরের অভিযোগে মতিঝিল থানার এএসআই প্রত্যাহার
দৈনিক ডেসটিনির স্টাফ রিপোর্টার মাহবুব হাসানকে মারধরের অভিযোগে মতিঝিল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মনিরকে প্রত্যাহার করা হয়েছে। তবে অপর অভিযুক্ত একই থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সালামের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। মারধরের সময় সাংবাদিক মাহবুবের কাছ থেকে নেওয়া দুটি মোবাইল ফোনসেটও উদ্ধার করতে পারেনি পুলিশ। মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন গতকাল সোমবার রাতে প্রথম আলোকে জানান, এএসআই মনিরকে প্রত্যাহার করা হয়েছে। এসআই সালামের বিরুদ্ধে তদন্ত চলছে। জানা যায়, গত রোববার রাত সাড়ে ১০টার দিকে একই পত্রিকার একজন রিপোর্টার মোটরসাইকেলযোগে বাসায় ফিরছিলেন। পথে মতিঝিলের সিটি সেন্টারের কাছে একটি প্রাইভেট কারের সঙ্গে তাঁর মোটরসাইকেলের ধাক্কা লাগে। এ সময় এসআই সালাম সেখানে দায়িত্ব পালন করছিলেন। একপর্যায়ে তিনি দুর্ঘটনার শিকার ওই সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। তিনি তাঁর সহকর্মী মাহবুব হাসানকে ফোন দিলে মাহবুব ঘটনাস্থলে যান। পুলিশ সদস্যরা তাঁর সঙ্গেও অসৌজন্যমূলক আচরণ করেন।