সাংবাদিককে মারধরের ঘটনায় ছয় শিক্ষার্থী বহিষ্কৃত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) সাংবাদিককে মারধরের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ডিসিপ্লিনের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, কম্পিউটারবিজ্ঞান ও কৌশল বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র আবদুল্লাহ আল মাসুম ও পুরকৌশল তৃতীয় বর্ষের ছাত্র রবিউল আলমকে বিশ্ববিদ্যালয় থেকে দুই বছরের জন্য এবং পুরকৌশল দ্বিতীয় বর্ষের জাহিদুল হক ও তৃতীয় বর্ষের ছাত্র সমীর চন্দ্র পালকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া যন্ত্রকৌশল তৃতীয় বর্ষের ছাত্র এনামুল হক খন্দকার ওরফে শুভ এবং পুরকৌশল তৃতীয় বর্ষের ছাত্র কাউসার আহমেদকে এক বছরের জন্য আবাসিক হল থেকে বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয় থেকে কোর্স সমাপ্তির পর এঁদের প্রত্যেকের চরিত্রগত সনদে এ শাস্তির কথা উল্লেখ থাকবে। এঁরা প্রত্যেকেই ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে।