সাংবাদিককে মারধরের ঘটনায় দুঃখ প্রকাশ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কর্মরত এক সাংবাদিককে মারধরের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে হাটহাজারী থানার পুলিশ।
গতকাল রোববার বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সঙ্গে হাটহাজারী থানা ও বিশ্ববিদ্যালয়ে কর্মরত পুলিশ কর্মকর্তাদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ওই থানার ওসি মোহাম্মদ ইসমাইল এ দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর হবে না বলে আশ্বস্ত করেছেন।
গতকাল দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে অনুষ্ঠিত এ বৈঠকে সাংবাদিক সমিতির সভাপতি হুমায়ুন মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক আরিফুল ইসলামসহ সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে পুলিশ কর্মকর্তাদের মধ্যে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছাড়াও ওই থানার ওসি (তদন্ত) সালাহ উদ্দিন এবং বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল খায়ের উপস্থিত ছিলেন।
১৬ সেপ্টেম্বর দায়িত্ব পালনকালে হাটহাজারী থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাকসহ পুলিশের কয়েকজন সদস্য কোনো কারণ ছাড়াই বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির অর্থ সম্পাদক ফারুক আবদুল্লাহকে মারধর করেন।