সাংবাদিককে মারধরের পর এবার সম্পাদককে প্রাণনাশের হুমকি!
ফরিদপুরের সালথায় স্থানীয় দৈনিক বাঙালি খবর পত্রিকার এক সাংবাদিককে মারধরের পর এবার ওই পত্রিকার সম্পাদককে যুবলীগের এক নেতা প্রাণনাশের হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার দিবাগত রাতে তাঁকে মুঠোফোনে হুমকি দেওয়া হয় বলে জানা গেছে।
এর আগে সোমবার একই পত্রিকার সাংবাদিক ও সালথা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম কিউ হুসাইন বুলবুলকে ওই যুবলীগ নেতার নেতৃত্বে মারধর করা হয় বলে অভিযোগ পাওয়া গিয়েছিল।
দৈনিক বাঙালি খবর পত্রিকার সম্পাদক মো. সেলিম মিয়া প্রথম আলোকে বলেন, সোমবার দিবাগত রাত ১০টা ৫৪ মিনিটি সালথা উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বাদল হোসেন তাঁর মুঠোফোনে ফোন করে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এ সময় তাঁর হাত-পা ভেঙে দেওয়াসহ প্রাণনাশের হুমকি দেওয়া হয়। সোমবার রাতেই তিনি কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুজ্জামান জিডির বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযোগ অস্বীকার করে যুবলীগ নেতা বাদল হোসেন বলেন, তিনি কাউকে প্রাণনাশের হুমকি দেননি।