সাংবাদিককে হত্যাচেষ্টা মামলায় তিনজন গ্রেপ্তার
দৈনিক নয়াদিগন্ত-এর ঢাকার নবাবগঞ্জ উপজেলা সংবাদদাতা ফারুক আহম্মেদকে (৩৫) কুপিয়ে হত্যাচেষ্টার মামলায় গতকাল বুধবার তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন শামীম, বাবু ও খোকন। তাঁদের মধ্যে শামীম ও বাবু মামলার এজাহারভুক্ত আসামি।র্যাব ও পুলিশ জানায়, গতকাল বিকেলে র্যাব-১১-এর মুন্সিগঞ্জ ক্যাম্প কমান্ডার এএসপি ওবায়দুল ইসলামের নেতৃত্বে কামারখোলা এলাকায় অভিযান চালিয়ে শামীম, বাবু ও খোকনকে গ্রেপ্তার করা হয়। পরে নবাবগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি চাপাতি ও একটি ছুরি উদ্ধার করে।উপজেলার গালিমপুর বাজারে ১ জুন ফারুকের ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে পালিয়ে যায়। তাঁর হাতের কবজির রগ কেটে দেওয়া হয় এবং মাথা ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করা হয়। এ ঘটনায় ফারুকের বড় ভাই ১০ জনকে আসামি করে নবাবগঞ্জ থানায় মামলা করেন।নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ করিম জানান, বাবু, শামীম ও খোকনের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।