সাংবাদিককে হত্যাচেষ্টার অভিযোগে মামলা
রাস্তার সরকারি গাছ কেটে ফেলার দৃশ্য মুঠোফোনে ধারণ করায় লালমনিরহাটের আদিতমারী উপজেলায় কর্মরত বাংলাদেশ সময়-এর সাংবাদিক রেজাউল করিম রাজ্জাককে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় গত রোববার রাতে ওই সাংবাদিক বাদী হয়ে আদিতমারী থানায় মামলা করেছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, আদিতমারী উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের রাস্তার পাশ থেকে লক্ষাধিক টাকার ৭টি গাছ কেটে ফেলে স্থানীয় একটি চক্র। আর এ দৃশ্য মুঠোফোনে ধারণ করেন সাংবাদিক রেজাউল। তাঁর বাড়িও একই এলাকায়।
মুঠোফোনে গাছ কাটার ছবি তোলার কথা জানতে পেরে ওই গাছ কাটার সঙ্গে জড়িত চক্রের হোতা কমলাবাড়ি ইউনিয়নের কুমড়িরহাট এলাকার মাহবুবার রহমান সাংবাদিক রেজাউলকে গত রোববার সকালের দিকে মুঠোফোনে গালাগাল ও প্রাণনাশের হুমকি দেন।
বিকেলে ওই সাংবাদিক তাঁর গ্রামের বাড়ি থেকে আদিতমারী প্রেসক্লাবের উদ্দেশে বের হলে মিলনবাজার নামক স্থানে তাঁর মোটরসাইকেলের গতিরোধ করেন মাহবুবার রহমান। তিনি মোটরসাইকেলের তেলের পাইপ খুলে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করেন। সাংবাদিকের চিৎকারে স্থানীয় ব্যক্তিরা এসে তাঁকে উদ্ধার করেন।
এ ঘটনায় সাংবাদিক রেজাউল রোববার রাতেই মাহবুবার রহমানকে আসামি করে আদিতমারী থানায় মামলা করেন।
আদিতমারী প্রেসক্লাবের সভাপতি দৈনিক সমকাল-এর জেলা প্রতিনিধি ফরহাদ আলম বলেন, ‘এ ঘটনায় রোববার রাতেই প্রেসক্লাবে জরুরি সভা করে ঘটনার তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছি।’
অভিযুক্ত মাহবুবার রহমান বলেন, ‘গত রোববার গাছ কাটার ঘটনা নিয়ে সাংবাদিক রেজাউলের সঙ্গে আমার কথা-কাটাকাটি হয়েছিল মাত্র।’ তিনি কোনো ধরনের হুমকি-ধমকি দেননি বলে দাবি করেন। এছাড়া হত্যারও কোনো চেষ্টা করেননি। সবই ওই সাংবাদিক বানিয়েছে। তিনি আরও বলেন, গতকালই তিনি লালমনিরহাট আদালত থেকে সাংবাদিকের দায়ের করা ওই মামলায় জামিন পেয়েছেন।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেশ্বর রায় বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। তদন্ত চলছে। শিগগিরই তদন্ত প্রতিবেদনের আলোকে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।