সাংবাদিককে হুমকি দেওয়ার প্রতিবাদে মানববন্ধন, সভা
প্রথম আলোর বরগুনার নিজস্ব প্রতিবেদক এম জসীম উদ্দীনকে মুঠোফোনে হত্যার হুমকির প্রতিবাদে গতকাল শুক্রবার বরগুনার পাথরঘাটায় মানববন্ধন ও পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রতিবাদ সভা হয়েছে। পাথরঘাটায় সকাল সাড়ে ১০টায় স্থানীয় শেখ রাসেল স্কয়ারে প্রথম আলো বন্ধুসভা ও প্রত্যয় নামে একটি সংগঠন যৌথভাবে মানববন্ধনের আয়োজন করে। এতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধন থেকে হুমকিদাতা আওয়ামী লীগের ক্যাডার সুমনকে অবিলম্বে গ্রেপ্তার ও তাঁর বিচারের দাবি জানানো হয়। পাথরঘাটা বন্ধুসভার আহ্বায়ক মেহেদী সিকদারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন পাথরঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, প্রথম আলোর পাথরঘাটা প্রতিনিধি আমিন সোহেল, সমকাল প্রতিনিধি ইমাম হোসেন, আমার দেশ প্রতিনিধি জাকির হোসেন, যায়যায়দিন প্রতিনিধি নজমুল হক প্রমুখ। মানববন্ধনে প্রেসক্লাব সভাপতি খলিলুর রহমান, পৌর কাউন্সিলর আবুল কালাম আজাদ, পাথরঘাটা পৌর বণিক সমিতির সভাপতি হায়দার হোসেন খান, বন্ধুসভার বায়জিদ মোর্শেদ, হাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।এ ছাড়া মঠবাড়িয়া প্রেসক্লাবে গতকাল সকালে প্রতিবাদ সভা হয়। প্রেসক্লাব সভাপতি জাহিদ উদ্দিনের সভাপতিত্বে সভায় ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তব্য দেন, আবদুস সালাম আজাদী, মজিবর রহমান, হারুণ অর রশিদ, প্রথম আলোর মঠবাড়িয়া প্রতিনিধি এ কে এম ফয়সাল প্রমুখ। বক্তারা এম জসীম উদ্দীনকে হুমকিদাতা সুমনকে গ্রেপ্তার করে তাঁর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।গত মঙ্গলবার (২ অক্টোবর) প্রথম আলোয় ‘সওজের সোয়া দুই কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ’ শীর্ষক প্রতিবেদন প্রকাশের জের ধরে আওয়ামী লীগের ক্যাডার সুমন জসীম উদ্দীনকে মুঠোফোনে হত্যার হুমকি দেন।