সাংবাদিকতা এখন বিরাট চ্যালেঞ্জের মুখে। সরকার ও মালিকপক্ষের অনৈতিক হস্তক্ষেপের কারণে বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এখন মড়ক ধরেছে। পরিস্থিতির কারণে শুধু গণমাধ্যমই নয়, নাগরিকেরাও নিজেরাই নিজেদের নিয়ন্ত্রণ আরোপ করছে।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সভাপতি আবদুস শহিদের স্মরণসভায় কথাগুলো বলেছেন সাংবাদিক নেতারা। ঢাকা সাংবাদিক ইউনিয়ন আজ মঙ্গলবার এই ভার্চ্যুয়াল সভার আয়োজন করে।
প্রয়াত আবদুস শহিদ ডিইউজের সভাপতি ও এনটিভির বার্তা সম্পাদক ছিলেন। তাঁর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের গনি চৌধুরী আজকের সভায় সভাপতিত্ব করেন। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম।
সভায় জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, আবদুস শহিদ ছিলেন সৎ, সাহসী ও নির্ভীক সাংবাদিক। তাঁর অকাল মৃত্যু সাংবাদিক সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি। জাতির এই ক্রান্তিকালে তাঁর মতো সৎ, সাহসী ও নির্ভীক সাংবাদিক নেতার খুব প্রয়োজন ছিল। তিনি বলেন, আবদুস শহিদ সাংবাদিক হিসেবে বরাবরই পেশাদারির পরিচয় দিয়েছেন। সাংবাদিকতাকে ব্যবহার করে তিনি ব্যক্তিগতভাবে লাভবান হতে চাননি। নীতির প্রশ্নে তিনি কখনো আপস করেননি। আদর্শ থেকে বিচ্যুত হননি। ফোরামের নেতা হিসেবে তিনি ছিলেন অত্যন্ত বিচক্ষণ।
জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ বলেন, গণতন্ত্রের শত্রুরাই গণমাধ্যমের শত্রু। এই শত্রু হচ্ছে তারা, যারা রাষ্ট্রব্যবস্থাকে কুক্ষিগত করতে চায় এবং লুটেরাতন্ত্র কায়েম করতে চায়। তারা স্বাধীন গণমাধ্যমকে প্রতিপক্ষ মনে করে। দেশে গণতন্ত্রের চর্চা হলে গণমাধ্যমের স্বাধীনতা থাকে। বর্তমানে বাংলাদেশে বিদ্যমান গণমাধ্যমের সংকট নিরসনে মুক্ত গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির কোনো বিকল্প নেই।
দ্য নিউ নেশন পত্রিকার সম্পাদক মোস্তফা কামাল মজুমদার বলেন, ‘যে দেশে গণতন্ত্র থাকে না, সে দেশে সংবাদপত্রের স্বাধীনতাও থাকে না। আমাদের সংবিধানে বাক্স্বাধীনতার কথা উল্লেখ থাকলেও কেউ সেটা মানছে না। বরং গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ এমন পর্যায়ে এসে ঠেকেছে, যেখানে সত্য প্রকাশে বাধার সম্মুখীন হতে হচ্ছে। সাংবাদিকের কলম স্বাধীন নয়, সেটি কাজ করছে ওপর মহলের নির্দেশে।’ গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতকরণে তিনি গণতন্ত্রের চর্চার ওপর জোর দেন।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি এম আবদুল্লাহ বলেন, ‘আবদুস শহিদের অকাল মৃত্যু আমাদের জন্য খুবই কষ্টদায়ক। তাঁর মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। সাংবাদিক সমাজ তাঁর অবদানের কথা কোনো দিন ভুলবে না। আমরা তাঁর রুহের মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ যেন তাঁকে জান্নাতবাসী করে, এ জন্য দোয়া করছি।’
সভাপতির বক্তব্যে কাদের গনি চৌধুরী বলেন, বাংলাদেশে সাংবাদিকতা আজ আধমরা হয়ে গেছে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় মড়ক ধরেছে। অনুসন্ধানী সাংবাদিকতা বিলুপ্ত প্রায়। সাংবাদিকদের স্বাধীনতা আজ কেড়ে নেওয়া হয়েছে। যেখানে সাংবাদিকদের হওয়ার কথা ছিল ‘ওয়াচডগ’, সেখানে সাংবাদিকেরা আজ সত্য কথা লিখতে পারছেন না। লিখতে হচ্ছে সরকার ও মালিকপক্ষকে খুশি রেখে।
বিএফইউজের সাবেক মহাসচিব এম এ আজিজ বলেন, ‘আবদুস শহিদ এত অল্প সময়ে আমাদের ছেড়ে চলে যাবে, তা ভাবিনি। তার অকাল মৃত্যু খুবই কষ্টদায়ক। তার জন্য সাংবাদিক সমাজে এক শূন্যতা বিরাজ করছে। সাংবাদিকদের অধিকার আদায়ে শহিদ ছিল আপসহীন।’
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আবদুল হাই শিকদার বলেন, দেশে ডিজিটাল নিরাপত্তা নামে থাকা আইনটি যেন মানুষের বাক্স্বাধীনতার ক্ষেত্রে এক মূর্তিমান আতঙ্কে পরিণত হয়েছে৷ গণমাধ্যম তো বটেই, এমনকি সামাজিকমাধ্যমে যাঁরা নিজেদের মত প্রকাশ করে থাকেন, তাঁদের সব সময়ই আতঙ্কে থাকতে হয়।
জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন বলেন, একটি দেশে স্বাধীন সংবাদপত্র না থাকলে সেখানকার মানুষের দুর্দশার অন্ত থাকে না। সর্বশেষ দৃষ্টান্ত মিয়ানমার এবং তার দেশের নাগরিক রোহিঙ্গারা। বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় বাধা দেওয়া বড় অন্যায়।
জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান বলেন, ‘যেকোনো দেশেই আইন তৈরি হয় জনগণের সুবিধার কথা বিবেচনা করে। আইনের কারণে যদি অসুবিধার মাত্রা বেড়ে যায়, তখন আবার আইনেই পরিবর্তনও আসে। অনেক সময় তা বাতিলও হয়ে যায়। কিন্তু আমাদের দেশে প্রায়ই এর উল্টো প্রবণতা দেখা যায়।’
বিএফইউজের মহাসচিব নুরুল আমিন বলেন, দেশের সংবিধানে বাক্স্বাধীনতা দেওয়া হয়েছে, বিশেষ করে সংবাদক্ষেত্রের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। পরবর্তী সময়ে ডিজিটাল অ্যাক্টসহ যেসব আইন হয়েছে, সেগুলো রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার মধ্য দিয়ে যে বাক্স্বাধীনতা ও গণতন্ত্র অর্জন করেছি, তার সঙ্গে সুস্পষ্টভাবে বিপরীতমুখী ও সাংঘর্ষিক।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোরসালিন নোমানী বলেন, ‘সাংবাদিকতায় পেশাদারির সংকটে ধাক্কা দেওয়ার জন্য দরকার শক্তিশালী আইনি কাঠামো ও সাংবাদিকদের ঐক্য। দুটিই আমাদের দেশে বিরল। আমাদের সাংবাদিকদের সুরক্ষায় আইন নেই। কিন্তু তাঁদের শিকল পরানোর মতো আইন ও নীতিমালার সংখ্যা অর্ধশতের কাছাকাছি।’
সভায় আরও বক্তব্য দেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক বাকের হোসাইন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি রফিকুল ইসলাম, এনটিভির পরিচালক নুরুদ্দিন আহমেদ, এনটিভির যুগ্ম বার্তা সম্পাদক ফখরুল আলম, বিএফইউজের সাংগঠনিক সম্পাদক খুরশিদ আলম, ডিইউজের সহসভাপতি বাছির জামাল প্রমুখ।