সাংবাদিকতা পেশায় সনদ গ্রহণ বাধ্যতামূলক করার পরামর্শ
সাংবাদিকতা পেশায় যোগ দেওয়ার জন্য পরীক্ষার মাধ্যমে সনদ নেওয়া বাধ্যতামূলক করার পরামর্শ দিয়েছে বাংলাদেশ প্রেস কাউন্সিল। ঢাকা থেকে প্রকাশিত সাপ্তাহিক শীর্ষ কাগজ-এর বিরুদ্ধে দায়ের করা এক মামলার রায়ে এই পরামর্শ দেওয়া হয়।এতে বলা হয়, আইনজীবীদের জন্য বার কাউন্সিল ও চিকিৎসকদের জন্য মেডিকেল কাউন্সিল থেকে সনদ নিতে হয়। সাংবাদিকতায় প্রবেশের আগেও এ ধরনের সনদ গ্রহণ বাধ্যতামূলক করার সময় এসেছে বলে প্রেস কাউন্সিল মত দিয়েছে। এতে আরও বলা হয়েছে, বাংলাদেশ প্রেস কাউন্সিল সাংবাদিকদের জন্য যে অনুসরণীয় আচরণবিধি প্রণয়ন করেছে, তা যথেষ্ট নয়।গতকাল বুধবার সরকারের তথ্য বিবরণীতে বলা হয়, সাপ্তাহিক শীর্ষ কাগজ একজন শুল্ক কর্মকর্তাকে দুর্নীতিবাজ আখ্যায়িত করে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করে। এমনকি প্রতিবাদলিপি বিকৃত করে আবার দুর্নীতিবাজ আখ্যায়িত করে ওই কর্মকর্তার সম্মান হানি করা হয়। সংক্ষুব্ধ কর্মকর্তা পত্রিকাটির বিরুদ্ধে প্রেস কাউন্সিলে মামলা করেন। মামলার রায় পত্রিকার বিরুদ্ধে গেলে বিচারের সঙ্গে সম্পৃক্ত প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ও সদস্যদের বিরুদ্ধে বাদীর কাছ থেকে অবৈধ সুবিধা গ্রহণের অভিযোগ তুলে কয়েকটি প্রতিবেদন প্রকাশ করা হয়।এ পরিপ্রেক্ষিতে ২০ অক্টোবরের রায়ে বলা হয় শীর্ষ কাগজ-এর সম্পাদক কমিটির চেয়ারম্যান ও সদস্যদের বিরুদ্ধে যেসব মিথ্যা, বিদ্বেষপূর্ণ ও কুরুচিকর বক্তব্য প্রকাশ করেছেন, তা শুধু সংবাদপত্র, সংবাদ সংস্থা এবং সাংবাদিকদের জন্য অনুসরণীয় আচরণবিধির পরিপন্থী নয়, তা একজন সাধারণ ভদ্রলোকের আচরণেরও পরিপন্থী।প্রেস কাউন্সিলের রায়ে উল্লেখ করা হয়, আধা বিচারিক কর্তৃপক্ষের আদালত অবমাননার মতো অপরাধের শাস্তি দেওয়ার ক্ষমতা নেই। তাই শীর্ষ কাগজ-এর সম্পাদক প্রেস কাউন্সিলের বিচারিক কমিটির বিরুদ্ধে এ ধরনের বিরূপ মন্তব্য প্রকাশে উৎসাহিত হয়েছেন। এ ধরনের গর্হিত আচরণ দেখে সাংবাদিকতার মান সম্পর্কে উদ্বেগ প্রকাশ করা হয়। তথ্য বিবরণী।