সাংবাদিকতা বাণিজ্যভিত্তিক হয়ে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবীণ সাংবাদিক ও কলামিস্ট আবদুল গাফ্ফার চৌধুরী বলেছেন, সাংবাদিকতা এখন বাণিজ্যিভিত্তিক হয়ে গেছে। এখন বৈষয়িক উন্নতি হয়েছে। কিন্তু নৈতিক অবক্ষয় দেখা যাচ্ছে।
গতকাল রোববার বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) উদ্যোগে তাঁকে দেওয়া ‘পিআইবি-সোহেল সামাদ স্মৃতি পুরস্কার-২০১৪’ গ্রহণকালে গাফ্ফার চৌধুরী এ কথা বলেন। কলাম লেখার কারণে এবার তাঁকে এই পুরস্কার দেওয়া হয়। রাজধানীর পিআইবি মিলনায়তনে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুরস্কার হিসেবে তাঁর হাতে ক্রেস্ট, অর্থ ও সনদ তুলে দেওয়া হয়।
প্রবীণ এই সাংবাদিক বলেন, বাংলাদেশে বর্তমানে যে অবস্থা তাতে স্বাধীন ও নিরপেক্ষ সাংবাদিকতা প্রয়োজন। মৌলবাদের বিরুদ্ধে শুধু আইন ও অস্ত্র দিয়ে লড়লে হবে না। এ ক্ষেত্রে সাংবাদিকদেরও বিরাট দায়িত্ব আছে বলে তিনি মন্তব্য করেন। পঞ্চাশ দশকের সাংবাদিকতার ঐহিত্য তুলে ধরে গাফ্ফার চৌধুরী বলেন, ‘৫০ সালে ফিরে যেতে বলি না, ৫০-এর নৈতিক মূল্যবোধ ফিরিয়ে আনতে বলি।’
প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, পোষা বাঘ যেমন বাঘ নয়, তেমনি পোষা সাংবাদিক সাংবাদিক নয়। তিনি গাফ্ফার চৌধুরীর কর্মময় জীবনের নানা দিক তুলে ধরেন।
পিআইবির পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিক কামাল লোহানী, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, তথ্যসচিব মরতুজা আহমদ, সোহেল সামাদের ভাই বেলাল সামাদ প্রমুখ। তাঁরা আবদুল গাফ্ফার চৌধুরীর কর্মময় জীবনের ওপর আলোকপাত করেন।