সাংবাদিকতা বিভাগের ৫০ বছর পূর্তিতে চলচ্চিত্র উত্সব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে সাংবাদিকতা শিক্ষার ৫০ বছর পূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে শুরু হয়েছে দুই দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী ও চলচ্চিত্র উত্সব। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষককেন্দ্রে (টিএসসি) এ উত্সবের আয়োজন করা হয়।‘স্বাধীন গণমাধ্যমই গণতন্ত্র’—স্লোগান নিয়ে বাংলাদেশে সাংবাদিকতা শিক্ষার পথিকৃত্ এ বিভাগটি বছরব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ প্রদর্শনীর আয়োজন করে। সকালে উপাচার্য ও বিভাগের শিক্ষক আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন।প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বাংলাদেশে সাংবাদিকতা শিক্ষার বিকাশ ও উত্কর্ষ সাধনে ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অনন্যসাধারণ ভূমিকা পালন করে যাচ্ছে। দেশের গণতন্ত্র, সুশাসন, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং আর্থসামাজিক উন্নয়নে এ বিভাগের শিক্ষার্থীরা দায়িত্বশীল ভূমিকা পালন করে যাচ্ছেন।বিভাগের চেয়ারপারসন আখতার সুলতানার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিভাগের সাবেক শিক্ষার্থী বিশিষ্ট সাংবাদিক হারুন হাবীব ও ফটোসাংবাদিক আনোয়ার হোসেন।দুই দিনব্যাপী এ প্রদর্শনী উত্সব আজ মঙ্গলবার শেষ হবে। উত্সবে মুক্তিযুদ্ধভিত্তিক ছয়টি চলচ্চিত্র এবং ‘মুক্তিযুদ্ধ ও বিভাগের অর্ধশতকের ইতিহাস’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শিত হবে। এতে রয়েছে সাংবাদিক হারুন হাবীবের মুক্তিযুদ্ধের ওপর ৩৫টি দুর্লভ আলোকচিত্র। আগামীকাল বুধবার দিনব্যাপী বিভাগের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।১৯৬২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগ আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। ২০১২ সালের ২ আগস্ট বিভাগটির ৫০ বছর পূর্তি হয়।