সাংবাদিকতার সাহসী অতীত জানতে সন্তোষ গুপ্তকে প্রয়োজন
সন্তোষ গুপ্তের সমস্ত লেখায় কাব্যময়তা থাকলেও যুক্তিবাদিতাই ছিল প্রধান গুণ। তাঁর লেখা ছিল অতিশয়োক্তিমুক্ত। তিনি সাংবাদিকতা ও সাহিত্যের মধ্যে যোগসূত্র স্থাপন করেছিলেন। সাংবাদিকতার সাহসী অতীতকে স্মরণের জন্য সন্তোষ গুপ্তকে স্মরণ করা প্রয়োজন।
গতকাল সোমবার বিশিষ্ট সাংবাদিক সন্তোষ গুপ্তের জীবন নিয়ে প্রকাশিত গ্রন্থ সন্তোষ গুপ্ত: তাঁর জীবন ও সময়-এর প্রকাশনা অনুষ্ঠানে বিশিষ্টজনেরা এ কথা বলেন। বাংলা একাডেমির শামসুর রাহমান সেমিনারকক্ষে সাংস্কৃতিক সংগঠন যুক্ত এই অনুষ্ঠানের আয়োজন করে। বাংলা একাডেমি ও সন্তোষ গুপ্ত স্মৃতি পরিষদ এতে সহযোগিতা করে।
গ্রন্থটিতে সন্তোষ গুপ্তের কর্মময় জীবনের বিভিন্ন আলোকচিত্র, নানা শিল্পীর আঁকা প্রতিকৃতি এবং তাঁকে নিয়ে বিশিষ্টজনদের অনেকগুলো স্মৃতিচারণামূলক লেখা স্থান পেয়েছে। গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান ও অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী।