সাংবাদিকতায় ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছর সাংবাদিকদের ওপর দমন-পীড়ন ও গণমাধ্যমের ওপর হস্তক্ষেপের ভিত্তিতে বিশ্বে সাংবাদিকতায় ঝুঁকিপূর্ণ কিছু দেশকে শনাক্ত করেছে মার্কিন একটি সংস্থা। ওই সব দেশের তালিকায় আছে বাংলাদেশের নামও।
কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট বা সিপিজে নামের নিউইয়র্কভিত্তিক সংস্থাটি কাজ করে গণমাধ্যম ও সাংবাদিকদের স্বাধীনতা এবং নিরাপত্তা নিয়ে। তালিকা তৈরির ক্ষেত্রে তারা এবার সাংবাদিকদের হত্যা-নির্যাতন-কারাদণ্ড, গণমাধ্যম বন্ধ করে দেওয়াসহ বিভিন্ন প্রতিবন্ধকার পাশাপাশি অনলাইন নিরাপত্তা, এর ওপর সরকারি নিয়ন্ত্রণ ও গোয়েন্দাবৃত্তির বিষয়টিকে গুরুত্ব দিয়েছে।
এসব বিবেচনায় সিপিজের তৈরি করা তালিকায় শুরুতেই আছে মিসরের নাম। এরপর আছে রাশিয়া, ভিয়েতনাম, তুরস্ক, বাংলাদেশ, লাইবেরিয়া, ইকুয়েডর, জাম্বিয়া, সিরিয়া ও ইরাক। গণমাধ্যমের ওপর নজরদারি ও গোয়েন্দাগিরির কারণে আছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নামও।
বিভিন্ন দেশের পরিস্থিতি সম্পর্কে আলাদাভাবে মূল্যায়ন করেছে সিপিজে। বাংলাদেশ সম্পর্কে বলেছে, রাজপথে ইসলামপন্থী ও অসাম্প্রদায়িক শক্তির সংঘাতের কারণে গণমাধ্যমের স্বাধীনতা দ্রুত সংকুচিত হতে শুরু করে। স্পর্শকাতর কোনো বিষয় নিয়ে কথা বললেই উভয় পক্ষের নির্যাতনের শিকার হয়েছেন সাংবাদিকেরা। একই সঙ্গে সহিংসতা ও সরকারি নির্যাতনের শিকার হয়েছেন ব্লগাররা। জানুয়ারিতে ছুরিকাঘাত করা হয় ব্লগার আফিস মহিউদ্দিনকে। লেখালেখির কারণে পরের মাসে খুন হন আরেক ব্লগার আহমেদ রাজিব হায়দার।
সিপিজের প্রতিবেদনে বলা হয়, ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ এবং অন্যান্য অপরাধের বিচার চলছে। এই বিচারে আদালত গত বছরের ফেব্রুয়ারি মাসে ইসলামপন্থী এক জ্যেষ্ঠ নেতার যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার পর দেশব্যাপী আন্দোলন শুরু হয়ে যায়। গণজাগরণ মঞ্চ নামে পরিচিত ওই আন্দোলন থেকে বিক্ষোভকারীরা তাঁর ফাঁসির দাবি জানান।
প্রতিবেদনে বলা হয়, এই অবস্থায় ধর্মীয় বিষয়ে উসকানি দেওয়ার অভিযোগে গত এপ্রিলে গ্রেপ্তার করা হয় চার ব্লগারকে। তাঁদের ব্লগ বন্ধ করে দেওয়া হয়। অন্যদিকে ইসলামপন্থীরা ওই সব ব্লগারের ফাঁসির দাবিতে বিক্ষোভ শুরু করে। শাহবাগ আন্দোলন বা ইসলামপন্থীদের বিক্ষোভের খবর সংগ্রহ করতে গিয়ে শারীরিকভাবে নির্যাতনের শিকার হন সাংবাদিকেরা। এপ্রিলে ইসলামপন্থীদের বিক্ষোভের খবর সংগ্রহের সময় মারধরের শিকার হন একুশে টেলিভিশনের সাংবাদিক নাদিয়া শারমিন।
বাংলাদেশে গণমাধ্যমের ওপর সরকারের হস্তক্ষেপ সম্পর্কে সিপিজে বলেছে, মিথ্যা ও অবমাননাকর তথ্য প্রকাশ এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগে আটক করা হয়েছে সরকারবিরোধী হিসেবে পরিচিতি আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে।
এ ছাড়া ভিন্ন মতাদর্শের চারটি টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দিয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার।