সাংবাদিকতায় নতুন নতুন সুযোগ আসছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুদ্রিত পত্রিকার বিক্রি কমতে থাকায় দুনিয়াজুড়ে গেল গেল বলে রব উঠেছে। অবস্থা সামাল দিতে খরচ কমানোর তাগিদে কোনো কোনো প্রতিষ্ঠান সংবাদকর্মী ছাঁটাই করছে। কিন্তু এ পদক্ষেপটি একেবারেই ঠিক নয়।
বললেন আনন্দবাজার পত্রিকা (এবিপি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডি ডি পুরকায়স্থ।
ডি ডি পুরকায়স্থ বলেন, আতঙ্কের কোনো কারণ নেই, বরং নতুন নতুন সুযোগ আসছে। পত্রিকার পাঠক ধীরে ধীরে কমে এলেও দিন দিন সংখ্যায় বাড়ছে খবর পরিবেশনের মাধ্যম। আসছে অনলাইন, মোবাইল, ট্যাবলেটসহ নানা প্রযুক্তি। সাংবাদিকতায় এখন দরকার আরও বেশি পেশাদারি ও দক্ষতা। প্রয়োজন আরও বেশি বেশি বিনিয়োগ।
দেশের কয়েকজন সম্পাদক ও প্রকাশকের সঙ্গে প্রথম আলো কার্যালয়ে ডি ডি পুরকায়স্থ কাল এক আলাপচারিতায় বসেছিলেন। বাংলাদেশে তিনি এসেছেন প্রথম আলোর আমন্ত্রণে, এর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উত্সবে যোগ দিতে।
ডি ডি পুরকায়স্থ বলেন, নানা রকম ব্লগ আর সামাজিক মাধ্যমের সুবাদে পাঠক এখন তথ্যও পেয়ে যান বিচিত্র উত্স থেকে। তাই বস্তুনিষ্ঠ তথ্যের জন্য পাঠক নির্ভরযোগ্য গণমাধ্যমের দিকে তাকিয়ে থাকেন। সাংবাদিকের দায়িত্ব তাই অন্য যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি।
মতবিনিময়ের সূচনায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ডি ডি পুরকায়স্থের পরিচয় তুলে ধরেন। তিনি জানান, ডি ডি পুরকায়স্থ ৩৬ বছর ধরে এবিপির সঙ্গে জড়িত। এ ছাড়া তিনি ইন্টারন্যাশনাল নিউজ মিডিয়া অ্যাসোসিয়েশন (ইনমা) এবং ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অব নিউজপেপার্স অ্যান্ড নিউজ পাবলিশার্সের (ওয়ান-ইফরা) পরিচালনা পর্ষদের সদস্য।
ডি ডি পুরকায়স্থ বলেন, সারা পৃথিবীর সংবাদপত্র যেসব চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে, ইনমার সদস্যরা একে অপরের সঙ্গে সে অভিজ্ঞতা বিনিময় করেন; সেসব সমাধানের উপায় পরস্পরের কাছে তুলে ধরেন। এই বিচিত্র অভিজ্ঞতার বিনিময় সংবাদপত্রের এগিয়ে যাওয়ার নিত্যনতুন পথ বলে দেয়।
আলাপচারিতায় যোগ দেন সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, নিউজ টুডে সম্পাদক রিয়াজউদ্দীন আহমদ, ফিনানশিয়াল এক্সপ্রেস সম্পাদক মোয়াজ্জেম হোসেন, ইত্তেফাক-এর ভারপ্রাপ্ত সম্পাদক তাসমীমা হোসেন, ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম, নিউ এজ-এর প্রকাশক শহীদুল্লাহ খান, কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন প্রমুখ।
প্রথম আলোর কয়েকজন জ্যেষ্ঠ কর্মীও এতে অংশ নেন।