জাতীয় প্রেসক্লাব হচ্ছে গণতন্ত্রের দ্বীপ। তাই এখানকার সাংবাদিকদের যেকোনো মূল্যে ঐক্য বজায় রাখতে হবে।জাতীয় প্রেসক্লাবের ১৮তম দ্বিবার্ষিক সাধারণ সভায় বক্তারা এসব কথা বলেছেন। গতকাল ক্লাব মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়।বিদায়ী সভাপতি শওকত মাহমুদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। আলোচনা সভায় বক্তব্য দেন সদস্য শেখ রকিব উদ্দিন, সালেহ চৌধুরী, গোলাম সারওয়ার, রিয়াজউদ্দিন আহমেদ, ইকবাল সোবহান চৌধুরী, আমানুল্লাহ কবীর, রুহুল আমিন গাজী, আল মুজাহিদী, জহিরুল হক, শফিকুর রহমান, মঞ্জুরুল আহসান বুলবুল, জাহিদুজ্জামান ফারুক, এম এ আজিজ, পীর হাবিবুর রহমান, মনোজ কান্তি রায়, কার্তিক চ্যাটার্জি, দেলোয়ার হাসান, আবদুস শহীদ, বছির জামাল প্রমুখ।শওকত মাহমুদ দায়িত্ব পালনে সহযোগিতা করার জন্য ক্লাবের সব সদস্যকে ধন্যবাদ জানান। সভায় গত এক বছরে প্রয়াত সদস্য এবং মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় সাধারণ সম্পাদকদের প্রতিবেদন প্রকাশ করেন কামাল উদ্দিন। কোষাধক্ষ্যের রিপোর্ট পেশ করেন সৈয়দ আবদাল আহমেদ। সভায় ২০০০ সালে বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে ঘোষণার জন্য প্রথম প্রস্তাবকারী ক্লাব-সদস্য মীর লুৎফর কবীরকে ধন্যবাদ জানিয়ে এ ব্যাপারে জোরদার কূটনৈতিক তৎপরতা চালানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।সভার দ্বিতীয় দিনে আজ প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত এবং বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।