তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের ৫৭ ধারা নিয়ে চলমান বিতর্কের মধ্যে নতুন করে আরও তিনজন সাংবাদিকের বিরুদ্ধে মামলা হলো। এর আগে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা মামলা দায়ের করেছেন। এবার মামলা করেছে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান। অভিযোগ, ওই তিন সাংবাদিক ‘ব্যবসায়িক সুনাম ও ব্র্যান্ড ইমেজ’-এর ক্ষতি করেছেন।
এমন এক পরিস্থিতিতে আজ ৩ মে পালিত হচ্ছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘সংকটকালে সমালোচকের মন: শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে গণমাধ্যমের ভূমিকা।’
বাংলাদেশের গণমাধ্যমে মুক্ত মত প্রকাশের সুযোগ ও প্রতিবন্ধকতা নিয়ে যাঁরা খোঁজখবর রাখেন তাঁরা বলছেন, সাম্প্রতিক সময়ে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের ৫৭ ধারা ছাড়াও ফৌজদারি মামলায় সাংবাদিকদের হয়রানির শিকার হওয়ার হার বেড়েছে। শীর্ষস্থানীয় দৈনিকের সম্পাদকদের দীর্ঘমেয়াদি আইনি লড়াই চালাতে হচ্ছে। কেউ কেউ কারাবরণ করেছেন। আইনি যুদ্ধের পাশাপাশি সংবাদ সংগ্রহের সময় সাংবাদিক নিহত ও নির্যাতনের শিকার হয়েছেন। টেলিভিশন টক শোসহ অনলাইন ও ছাপা পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন নিয়ে চাপে পড়েছে গণমাধ্যম।
‘সংকটজনক’ এই সময়ে সাংবাদিক ও সংবাদমাধ্যম আসলে কতটা মুক্তভাবে কাজ করতে পারছে—এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি শওকত মাহমুদ বলেন, ‘বাংলাদেশে কোনো সংবাদমাধ্যম কীভাবে স্বাধীন সাংবাদিকতা করবে? পত্রিকায় কোনো প্রতিবেদন ছাপা হলে মামলা হচ্ছে। তার ওপর ৫৭ ধারা পরিস্থিতিকে এত জটিল করেছে, ইচ্ছা করলেই সাংবাদিকদের বিরুদ্ধে যে কেউ মামলা করে দিচ্ছে।’
বিএফইউজের অন্য এক অংশের সভাপতি মনজুরুল আহসান বুলবুল বলেন, বাংলাদেশের সংবাদমাধ্যম নিজেরাই নিজেদের ওপর নিয়ন্ত্রণ আরোপ করছে। কারণ বাংলাদেশে সাংবাদিক হত্যার বিচার হচ্ছে না, সাংবাদিকদের উগ্র ধর্মীয় গোষ্ঠীগুলো হুমকি দিচ্ছে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে লিখলে তারা ক্ষমতা প্রদর্শন করছে। চাপমুক্ত পরিবেশে কাজ করতে পারছে না সংবাদমাধ্যম।
৫৭ ধারার মামলা
আশুলিয়ায় পোশাকশ্রমিকদের আন্দোলন নিয়ে ‘মিথ্যা প্রতিবেদন’ প্রকাশ করে শ্রমিক আন্দোলনে উসকানির অভিযোগে বাংলাদেশ প্রতিদিন ও একুশে টিভির সাভার প্রতিনিধি নাজমুল হুদার নামে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা করে পুলিশ। নাজমুল বলেন, সংবাদ সম্মেলনের কথা বলে তাঁকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল। সাংবাদিক প্রবীর সিকদার প্রাণসংশয়ে থানায় জিডি করতে গিয়েছিলেন ১০ আগস্ট, ২০১৫ সালে। থানা জিডি রাখেনি। ছয় দিন পর এ নিয়ে আলোচনার জন্য তাঁকে থানায় নিয়ে যাওয়ার কথা বলে ফরিদপুরে নিয়ে যাওয়া হয়। তাঁর বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা দেওয়া হয়। সরকারের একজন মন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার দায়ে গত বছরের এপ্রিলে পুলিশ অভিযোগপত্র জমা দেয়। আগামী মাসে মামলার শুনানি শুরু হওয়ার কথা রয়েছে।
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় দৈনিক শিক্ষা অনলাইন পোর্টালের এডিটর ইন চিফ সিদ্দিকুর রহমান খানের বিরুদ্ধে মামলা দায়ের করেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের একজন সাবেক মহাপরিচালক। বাংলামেইলের তিন সাংবাদিক মাকসুকুল আলম, শাহাদৎ উল্লাহ খান ও প্রান্ত পলাশের বিরুদ্ধে মামলা হয় গত বছরের ৭ আগস্ট।
হত্যা ও নির্যাতন
সমকাল-এর সাংবাদিক আবদুল হাকিম শিমুল ২ ফেব্রুয়ারি আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের খবর সংগ্রহের সময় মস্তিষ্কে গুলিবিদ্ধ হয়ে মারা যান। ওই ঘটনায় পুলিশ ১৭ জনকে আটক করে। তাঁকে উদ্দেশ্য করে গুলি ছোড়া হয়েছিল কি না, সে সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
মানবাধিকার সংগঠন অধিকার ২০১৬ সালে ৬৯ জন সাংবাদিকের ওপর শারীরিক নির্যাতনের তথ্য দিচ্ছে। আইন ও সালিশ কেন্দ্র ওই একই বছর সরকারি কর্মকর্তা, আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন ও হয়রানি করেন বলে উল্লেখ করে। সাম্প্রতিক সময়ে প্রাণসংশয়ে দেশ ছেড়ে গেছেন এমন সাংবাদিকের সংখ্যাও কম নয়।
নাম প্রকাশ না করার শর্তে টেলিভিশন চ্যানেলের কোনো কোনো সাংবাদিক বলেছেন, টক শোগুলোতে কাকে আনা যাবে, কাকে আনা যাবে না, সে বিষয় নিয়ে তাঁরা কখনো কখনো ফোন পেয়ে থাকেন।
কখনো কখনো মৌলবাদী গোষ্ঠীগুলোও হুমকি দিচ্ছে। একজন টেলিভিশন উপস্থাপক তাঁর অনুষ্ঠানে একজন ব্লগারকে আমন্ত্রণ জানিয়ে আত্মগোপনে যেতে বাধ্য হন।