বরিশালে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিকদের ওপর দমন-পীড়ন বন্ধ এবং স্বাধীনভাবে সাংবাদিকতার নিশ্চয়তার দাবি করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে এক আলোচনা সভায় বক্তারা এমন দাবি করেন। প্রায় একই দাবি জানানো হয় দিবসটি উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সেমিনারেও।
গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় বরিশাল নগরের অশ্বিনী কুমার হল চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। নগরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রিপোর্টার্স ইউনিটি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি আনিসুর রহমান খান, বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী আবুল কালাম আজাদ প্রমুখ। সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে সংবাদকর্মীরা বহুমাত্রিক নিপীড়ন ও নির্যাতনের মধ্য দিয়ে কাজ করছেন। সংবাদ সংগ্রহ ও খবর প্রকাশ করতে গিয়ে সংবাদকর্মীরা নানাভাবে হয়রানি, হুমকি, হামলা-মামলার শিকার হচ্ছেন। এসব ঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ, উদ্বেগ প্রকাশ করেন বক্তারা।
রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির উদ্যোগে আয়োজিত ‘গণমাধ্যমের স্বাধীনতা’ শীর্ষক সেমিনারে বক্তারা বলেন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণমাধ্যম অসহায় ও মানবাধিকার থেকে বঞ্চিত মানুষের কণ্ঠ তুলে ধরতে তাদের পাশে দাঁড়ায়। তাই গণমাধ্যম কর্মীদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ নিশ্চিত করতে হবে। এ জন্য সাংবাদিকদের পেশাদারি বজায় রাখতে হবে। গণমাধ্যমে জনগণের স্বার্থ নিশ্চিত করতে হবে এবং সর্বোপরি গণমাধ্যম কর্মীদের একতা নিশ্চিত করে আত্মসমালোচনাও করতে হবে।
গতকাল বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহম্মদ মিজান উদ্দিন। সাংবাদিক সমিতির সভাপতি এম এ সাঈদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুব আলমের সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথি ছিলেন সহ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান।