সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহে রবীন্দ্র-কুঠিবাড়িতে প্রথম আলোর প্রতিনিধিসহ তিনজন সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে গতকাল রোববার দুপুরে মানববন্ধন করেছেন সাংবাদিকেরা।কুষ্টিয়া শহরের মজমপুর গেটে ঘৃণিত রাজাকার চত্বরের সামনে মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলার সাপ্তাহিক ইসপাতের সম্পাদক ওয়ালীউল বারী চৌধুরী, সমকাল-এর প্রতিনিধি সাজ্জাদ রানা, দেশ টিভির শরীফ বিশ্বাস, বাংলাভিশনের নূর আলম দুলাল প্রমুখ। বক্তারা মামলার প্রধান আসামি ও হামলাকারী ঠিকাদার আলী হোসেনসহ দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। তাঁরা আগামী এক সপ্তাহের মধ্যে আসামিদের গ্রেপ্তার করা না হলে প্রশাসনের সব ধরনের সংবাদ বর্জনের ঘোষণা দেন।গত ৩ জুন শিলাইদহ কুঠিবাড়ির সংস্কারসহ চারটি কাজের অনিয়ম হচ্ছে—এলাকাবাসীর লিখিত অভিযোগের ভিত্তিতে সংবাদ সংগ্রহে গেলে সংশ্লিষ্ট ঠিকাদার ও কুষ্টিয়া পৌর আওয়ামী লীগের শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আলী হোসেন ও তাঁর লোকজন প্রথম আলো, আরটিভি, একুশে টিভির প্রতিনিধি ও ক্যামেরাম্যানকে পিটিয়ে আহত করে তাঁদের ক্যামেরা ও ল্যাপটপ ছিনিয়ে নেন।