সাংবাদিকদের ওপর হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার বাইপাইল এলাকার করিম সুপার মার্কেটে গতকাল শুক্রবার বিকেলে সন্ত্রাসীরা স্থানীয় হকার্স সমিতির কার্যালয়ে হামলা চালিয়ে কয়েকজন সাংবাদিককে মারপিট করেছে। এ সময় জনতা সুলতান মাহমুদ নামের একজনকে আটক করে পুলিশে সোপর্দ করে।জানা গেছে, গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে স্থানীয় সাংবাদিকেরা হকার্স সমিতির কার্যালয়ে বসে পেশাগত দায়িত্ব পালন করছিলেন। এ সময় কয়েকজন সন্ত্রাসী সেখানে গিয়ে সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসীদের কিল-ঘুষি ও লাঠির আঘাতে সাপ্তাহিক অপরাধ বিচিত্রার সহকারী বার্তা সম্পাদক লাইজু আহম্মেদ, আজকালের খবর-এর নিজস্ব প্রতিবেদক মনিরুজ্জামান, সকালের খবর-এর আশুলিয়া প্রতিনিধি রাকিব হাসান, বণিক বার্তার আশুলিয়া প্রতিনিধি মো. লোকমান হোসেন চৌধূরী ও মাই টিভির সাভার প্রতিনিধি শাহ্ আলম আহত হন। সন্ত্রাসীরা হকার্স সমিতির কার্যালয়ও ভাঙচুর করে। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ত্রাসীরা সাংবাদিকদের ওপর হামলা চালালে ওই মার্কেটের ব্যবসায়ীরা একজোট হয়ে তাদের ধাওয়া করেন। ধাওয়া খেয়ে পালানোর সময় ব্যবসায়ীরা সুলতান মাহমুদ নামে একজনকে আটক করে পিটুনি দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে আটক করে থানায় নিয়ে গেলেও পরে ছেড়ে দেয়। বণিক বার্তার আশুলিয়া প্রতিনিধি মো. লোকমান হোসেন চৌধূরী বলেন, প্রকাশিত কোনো সংবাদে নাখোশ হয়ে তাঁদের ওপর হামলা চালানো হতে পারে। আর এতে পরোক্ষভাবে মদদ দেন একটি জাতীয় দৈনিকের স্থানীয় প্রতিনিধি। এ ব্যাপারে গতকাল রাতে তিনি আশুলিয়া থানায় লিখিত অভিযোগ করেন।স্থানীয় হকার্স সমিতির সহকারী সুপারভাইজার নেসার উদ্দিন বলেন, হামলার সঙ্গে জড়িত থাকায় তাঁরা আগামীকাল (আজ শনিবার) থেকে আশুলিয়া অঞ্চলে ওই পত্রিকা বিক্রি করবেন না। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদরুল আলম বলেন, পুলিশ একজনকে আটক করলেও রাত নয়টা পর্যন্ত কোনো অভিযোগ না পেয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।