সাংবাদিকদের ওপর হামলা ন্যক্কারজনক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে আজ শনিবার বেলা ১১টায় জেলার প্রেসক্লাবের সামনে মানববন্ধন করা হয়। সেখানে বক্তারা গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনাকে অত্যন্ত ন্যক্কারজনক বলে উল্লেখ করেন।

মানববন্ধনের আয়োজন করেন বাবুডাইং আদিবাসী বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, গ্রামবাসী এবং চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলো বন্ধুসভার সদস্যরা। এতে অংশ নেয় বিভিন্ন সংগঠন ও জনসাধারণ।

গতকাল শুক্রবার চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের মানিকাড়া গ্রামে তথ্য সংগ্রহের কাজে গেলে ব্যবসায়ী তরিকুল ইসলামের ভাড়াটে লোকজন সাংবাদিকদের ওপর হামলা চালায়। এতে প্রথম আলোর সাংবাদিক আনোয়ার হোসেন, দৈনিক খোলা কাগজের প্রতিনিধি আব্দুর রব নাহিদ, প্রথম আলো বন্ধুসভার সহসভাপতি আলী উজ্জামান নূর ও আদিবাসী নেতা বঙ্গপাল সরদার আহত হন। এ সময় হামলাকারীরা সাংবাদিকদের দুটি ক্যামেরা ও মুঠোফোন কেড়ে নিয়ে ভেঙে ফেলে। সাংবাদিক আনোয়ার হোসেন হাসপাতালে চিকিৎসাধীন।

হামলাকারীদের শাস্তির দাবি করে মানববন্ধনে বক্তারা বলেন, সন্ত্রাসীদের এ হামলার ঘটনা প্রশাসনের দুর্বলতাকেই তুলে ধরেছে। প্রশাসন হামলাকারীদের নাম-পরিচয় জানতে পারলেও এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। তাই হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার দাবি করা হয়। একই সঙ্গে ভূমিদস্যু ও তাঁর সন্ত্রাসীদের প্রতিহত করতে সবার প্রতি আহ্বান জানানো হয়।

মানববন্ধনে বক্তব্য দেন বন্ধুসভার উপদেষ্টা আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, বর্তমান যুগ্ম সম্পাদক সোনিয়া খাতুন, বাবুডাইং আদিবাসী বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানাই চন্দ্র দাস, চাঁপাইনবাবগঞ্জে সেক্টর কমান্ডার ফোরামের সভাপতি আব্দুস সামাদ, বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদের সাধারণ সম্পাদক রফিক হাসান, আদিবাসী নেতা হিন্দু শুরু, সুরেন্দ্র কোল টুকু, নিরাপদ সড়ক চাই-এর যুগ্ম সম্পাদক মো. শাহজাহান, থিয়েটারের সাধারণ সম্পাদক শাহজাহান প্রামাণিক, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সদস্য আবদুল হাসান, ছাত্রনেতা আবদুল মজিদ প্রমুখ। সঞ্চালনা করেন প্রথম আলো বন্ধুসভার সহসভাপতি আলী উজ্জামান নূর।

আরও পড়ুন:
নাচোলে প্রথম আলোর সাংবাদিকসহ চারজনকে পিটিয়েছে দুর্বৃত্তরা
http://www.prothom-alo.com/bangladesh/article/958825/%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%9A%E0%A7%87%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A5%E0%A6%AE-%E0%A6%86%E0%A6%B2%E0%A7%87%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%82%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%95%E0%A6%B8%E0%A6%B9-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%9C%E0%A6%A8%E0%A6%95%E0%A7%87-%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%9F%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87%E0%A6%9B%E0%A7%87