সাংবাদিকদের ওপর হামলাকারীদের শাস্তি নিশ্চিত করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাজী রিয়াজুল হক। প্রথম আলো ফাইল ছবি
কাজী রিয়াজুল হক। প্রথম আলো ফাইল ছবি

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ডাকা শিক্ষার্থীদের বিক্ষোভের খবর সংগ্রহের সময় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। আজ মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এই নিন্দা প্রকাশ করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার সায়েন্স ল্যাব ও এর আশপাশের এলাকায় গত রোববার এবং শনিবার জিগাতলা এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে হামলায় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার বেশ কয়েক জন সাংবাদিক ও ফটোসাংবাদিক আহত হয়েছেন।

বিজ্ঞপ্তির মাধ্যমে কাজী রিয়াজুল হক বলেন, শিশু শিক্ষার্থীদের নিরাপদ সড়কের দাবি মেনে নিয়ে তা বাস্তবায়নের জন্য সরকারে উচ্চ পর্যায় থেকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেওয়ার পর পরিস্থিতি যখন স্বাভাবিক হচ্ছিল, শিশু শিক্ষার্থীরা তাদের ক্লাসে ফিরে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে শিশু শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর কারা আক্রমণ করল, তাদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল বলেন, সাংবাদিকেরা মানবাধিকার কর্মী। তাঁদের ওপর হামলা অনভিপ্রেত। কেউ আইনের ঊর্ধ্বে নয়। এই হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে জাতীয় মানবাধিকার কমিশন জোর সুপারিশ করছে।