সাংবাদিকদের ওপর হামলাকারীদের ৪ জুনের মধ্যে গ্রেপ্তারের দাবি
আগামী ৪ জুনের মধ্যে প্রথম আলোর তিন আলোকচিত্র সাংবাদিকের ওপর হামলাকারী পুলিশ সদস্যদের গ্রেপ্তার, বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কমের কার্যালয়ে ঢুকে সাংবাদিকদের ওপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সাংবাদিকেরা। এর মধ্যে দাবি মানা না হলে আগামী ৫ জুন জাতীয় প্রেসক্লাবের সামনে পূর্বঘোষিত সমাবেশ থেকে পরবর্তী কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। ওই দিন সমাবেশের পর সাংবাদিক নির্যাতন বন্ধে আইন প্রণয়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি দেওয়া হবে।গতকাল মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সাংবাদিকদের সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়। জাতীয় প্রেসক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন, রংপুর বিভাগ সাংবাদিক সমিতিসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠন ও গণমাধ্যমের কর্মীরা কর্মসূচিতে অংশ নেন।দুপুর সাড়ে ১১টায় প্রেসক্লাবের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ শুরু হয়। সমাবেশ শেষে একটি মিছিল প্রেসক্লাবসংলগ্ন এলাকা প্রদক্ষিণ করে। পরে সাংবাদিক প্রতিনিধিদল স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি দেয়।কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘হামলাকারীরা যতই শক্তিশালী হোক, তাদের আইনের হাতে সোপর্দ করতে হবে। উচ্ছৃঙ্খল ও দুষ্কৃতকারী পুলিশ সদস্যদের শুধু বরখাস্ত নয়, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তিনি বলেন, ‘পুলিশের হাতে লাঠি আছে, সাংবাদিকদের হাতে আছে কলম ও ক্যামেরা। এই কলম ও ক্যামেরা দিয়ে পুলিশের স্বেচ্ছাচারিতার জবাব দেওয়া হবে।’বিএফইউজের একাংশের সভাপতি রুহুল আমীন গাজী বলেন, ‘সাংবাদিক নির্যাতন করে কেউ রেহাই পাবে না। রাজপথে আছি, থাকব। বিচার না হলে, সাংবাদিকদের ওপর হামলা বন্ধ না হলে আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়বে।’জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ বলেন, ‘সাংবাদিকদের টার্গেট করে হামলা চালানো হচ্ছে। হামলা বন্ধ না হলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।’ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি আবদুস শহীদ বলেন, ‘সব রাজনৈতিক-সামাজিক শক্তি ঐক্যবদ্ধ না হলে গণতন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতা বলতে কিছু থাকবে না।’সমাবেশে আরও বক্তব্য দেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান, ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আকতারুজ্জামান, ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শফিউদ্দিন ও সাধারণ সম্পাদক নুরুদ্দিন, প্রথম আলোর প্রধান প্রতিবেদক শরিফুজ্জামান প্রমুখ।এদিকে দেশব্যাপী সাংবাদিকদের হত্যা, পুলিশ-সন্ত্রাসীদের হামলা ও নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ, নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে বিভিন্ন সংগঠন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কমের দুই সাংবাদিকসহ তিনজনকে ছুরিকাঘাত ও কয়েকজন সংবাদ-কর্মীকে মারধর করার ঘটনায় আইন ও সালিশ কেন্দ্র (আসক) গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করছে। সংগঠনটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, যার দ্বারাই সাংবাদিক নিগ্রহের এ ধরনের ঘটনা ঘটুক না কেন, তাদের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তি প্রদান করার মাধ্যমেই এসবের প্রতিরোধ সম্ভব, অন্যথায় তা বেড়েই যাবে।একই ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), গণসংহতি আন্দোলন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, প্রগতিশীল শিল্প ও গণমাধ্যম-কর্মী ফোরাম, এশিয়ান হিউম্যান রাইটস কমিশন প্রমুখ সংগঠন।