সাংবাদিকদের ওপর হামলার অপরাধে পাঁচজনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় সাংবাদিকদের ওপর হামলা চালানোর অপরাধে পাঁচজনের প্রত্যককে তিন বছর করে কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম শরাফ উদ্দিন গতকাল বুধবার দুপুরে এই রায় দেন।
সাজা পাওয়া ব্যক্তিরা হলেন বিজয়নগরের সিঙ্গারবিল ইউনিয়নের নলগড়িয়া এলাকার বাসিন্দা পাগলা বাচ্চু মিয়া ওরফে বাচ্চু মিয়া (৪৫), লিটন মিয়া (৩২), কাসেম মিয়া (৩৮), ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কান্দিপাড়ার মো. জুনায়েদ (২৮) ও পৈরতলার জসিম মিয়া (৩২)।
মামলার বাদী এসএ টিভির ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মনিরুজ্জামান পলাশ আদালতের রায়ের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০১৪ সালের ২১ ফেব্রুয়ারি এসএ টিভির ‘খোঁজ’ অনুষ্ঠানের তিন সদস্যের একটি দল মাদকসংক্রান্ত বিষয়ে খবর সংগ্রহ করতে বিজয়নগর উপজেলায় যায়। উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের নলগরিয়া এলাকায় এসএ টেলিভিশনের ‘খোঁজ’ অনুষ্ঠানের জন্য মাদকের ওপর প্রতিবেদন প্রস্তুত করেন তাঁরা। ফেরার পথে নলগরিয়ার রেলক্রসিং এলাকায় মাদক ব্যবসায়ী পাগলা বাচ্চু মিয়াসহ তাঁর সহযোগীরা সাংবাদিকদের মাইক্রোবাসের গতিরোধ করে হামলা চালান। হামলায় এসএ টেলিভিশনের প্রতিবেদক এস ইউ সেলিম, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মনিরুজ্জামান ও ঢাকা থেকে আসা আলোকচিত্রী আশিকুর ইসলাম গুরুতর আহত হন।
ঘটনায় মনিরুজ্জামান পলাশ বাদী হয়ে বাচ্চু মিয়া, লিটন মিয়া, কাশেম মিয়া, রুবেল মিয়াসহ অজ্ঞাতনামা ৩-৪ জনকে আসামি করে বিজয়নগর থানায় একটি মামলা করেন। আসামিদের মধ্যে বাচ্চু মিয়া ও জসিম মিয়া জেলহাজতে আছেন। বাকিরা পলাতক।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি নাজমুল হক জানান, অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত অভিযুক্ত পাঁচজনের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানাসহ তিন বছর করে কারাদণ্ডাদেশ দিয়েছেন।