সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ক্ষোভ নিন্দা
মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তির অভিযোগ এনে সমমনা ১২টি ইসলামি দলের ডাকা বিক্ষোভ কর্মসূচি চলাকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গতকাল শনিবার দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, সমাবেশ ও মানববন্ধন হয়েছে। এসব কর্মসূচি থেকে সাংবাদিকদের ওপর হামলার নিন্দা ও দোষীদের শাস্তির দাবি জানানো হয়। ঢাকার বাইরে নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর: মুন্সিগঞ্জ: কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিকেলে মিছিল বের হয়ে পুরাতন কাচারি হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, রাজনৈতিক নেতা-কর্মীসহ সর্বস্তরের জনতা অংশ নেন। এর আগে সকালে শহীদ মিনারে প্রেসক্লাবের উদ্যোগে প্রতিবাদ সভা হয়।কুড়িগ্রাম: প্রেসক্লাবের সামনে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুপুর ১২টার দিকে সাংবাদিকেরা মানববন্ধন করেন। পরে একটি মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এসে সমাবেশ হয়। ঝিনাইদহ: প্রেসক্লাব থেকে সকালে সাংবাদিকেরা একটি মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পোস্ট অফিস মোড়ে শেষ হয়। সেখানে তাঁরা মানববন্ধন করেন। বগুড়া: প্রেসক্লাব থেকে সকালে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাতমাথায় গিয়ে শেষ হয়। সেখানে এইচ আকতারুজ্জামানের সভাপতিত্বে সমাবেশ হয়। পরে সাতমাথায় জেলা ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রতিবাদ সভা হয়।রংপুর: প্রেসক্লাবের সামনে সকালে সাংবাদিকদের মানববন্ধন ও সমাবেশ হয়। সমাবেশ শেষে মিছিল বের করা হয়। এ ছাড়া নড়াইল শহরের চৌরাস্তায় সাংবাদিকেরা আধা ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেন। নেত্রকোনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করেন। জয়পুরহাটের আক্কেলপুর প্রেসক্লাবে সকালে জরুরি সভায় সাংবাদিকদের ওপর হামলার নিন্দা ও দোষীদের শাস্তির দাবি করা হয়। জামালপুরের সরিষাবাড়ী ও ঢাকার কেরানীগঞ্জে প্রেসক্লাবে জরুরি সভা ডেকে হামলার নিন্দা জানানো হয়।