সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তদন্ত শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের ওপর শিক্ষানবিশ চিকিৎসকদের হামলার ঘটনায় উচ্চপর্যায়ের পাঁচ সদস্যের তদন্ত কমিটি গতকাল শুক্রবার বিকেল থেকে কাজ শুরু করেছে। গত বৃহস্পতিবার রাতে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক গঠিত ওই কমিটির সদস্যরা রাজশাহীতে এসে পৌঁছান।
এদিকে যে রোগীকে কেন্দ্র করে হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলা চালানো হয়েছিল, তাঁকে গতকাল পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া হয়নি। যুগ্ম সচিব আনোয়ার হোসেনের নেতৃত্বে তদন্ত কমিটিতে রয়েছেন সদস্যসচিব হুমায়ুন কবীর, সাংবাদিক প্রতিনিধি ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া, বিএমএর প্রতিনিধি মোসাদ্দেক আহমেদ ও স্বাস্থ্য মহাপরিচালকের প্রতিনিধি মাহমুদ হাসান।
গতকাল সকাল ১০টায় তদন্ত কমিটির সদস্য বিএফইউজের মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া রাজশাহীতে কর্মরত সব সাংবাদিকদের সঙ্গে নগরের মালোপাড়ায় ম্যাসলাইন মিডিয়া সেন্টারের (এমএমসি) সভাকক্ষে মতবিনিময় করেন।
সভায় বিএফইউজের একাংশের সহসভাপতি রেজাউল করিম, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি হাসান মিল্লাত, রাজশাহী সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক স ম সাজুসহ রাজশাহীতে কর্মরত সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
২০ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ডে রোগীর স্বজনদের হাতে এক শিক্ষানবিশ চিকিৎসক লাঞ্ছিত হওয়াকে কেন্দ্র করে সাংবাদিকদের ওপর হামলা চালান শিক্ষানবিশ চিকিৎসকেরা। এতে ১০ জন সাংবাদিক আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের মধ্যে দুজনকে ঢাকা অ্যাপোলো ও স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে যে রোগীকে কেন্দ্র করে হামলার এই ঘটনা ঘটেছে, তাঁর নাম আবিদ হোসেন ওরফে আকাশ। তাঁকে গতকালও হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়নি। তাঁর ভাইয়ের স্ত্রী কাজল রোজ জানান, ঘটনার পরের দিনই চিকিৎসকেরা তাঁকে ছেড়ে দিতে চেয়েছিলেন। তাঁকে এখন আর কোনো চিকিৎসা দেওয়া হচ্ছে না। শুধুই আটকে রাখা হয়েছে।
জানতে চাইলে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন বলেন, তাঁর কিছু পরীক্ষা-নিরীক্ষা বাকি ছিল—সেগুলো করা হয়েছে। হয়তো শনিবার তাঁকে ছেড়ে দিতে পারবেন।