নেত্রকোনা জেলা মহিলা আওয়ামী লীগের সম্মেলনে সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা ও জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন হয়েছে।
গতকাল সোমবার বেলা ১১টা থেকে পৌরসভার সামনের সড়কে ‘নেত্রকোনা সাংবাদিক সমাজ’-এর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
প্রায় আধা ঘণ্টা ধরে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রতিনিধি লাভলু পাল চৌধুরী, জেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আলপনা বেগম, বাংলাদেশ সাংবাদিক সমিতির জেলা শাখার সহসভাপতি এ কে এম আবদুল্লাহ, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক লাইমুন হোসেন ভূঁইয়া প্রমুখ।
বক্তারা হামলার তীব্র নিন্দা জানান। তাঁরা ভিডিও দেখে হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
গত শুক্রবার নেত্রকোনা পাবলিক হলে মহিলা আওয়ামী লীগের জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন হয়। এতে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। অনুষ্ঠানে নতুন কমিটি ঘোষণা করা হয়। এ সময় একপক্ষ ‘কমিটি মানি না, মানি না’ বলে স্লোগান দিয়ে চেয়ার ছোড়াছুড়ি ও হট্টগোল শুরু করে। এ সময় ছবি ও ভিডিও ধারণ করতে গেলে গণমাধ্যমকর্মীদের ওপর চেয়ার নিয়ে হামলা করা হয়। এতে প্রথম আলোর নেত্রকোনা প্রতিনিধি পল্লব চক্রবর্তী ও ইত্তেফাক-এর জেলা প্রতিনিধি শ্যামলেন্দু পাল আহত হন। গত শনিবার রাতে শ্যামলেন্দু বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন।
জানতে চাইলে পুলিশ সুপার (এসপি) জয়দেব চৌধুরী প্রথম আলোকে বলেন, ঘটনার সময় ধারণ করা ভিডিও ও আলোকচিত্রের মাধ্যমে হামলাকারী ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।