সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ
কর্তব্যরত সাংবাদিকদের ওপর শিক্ষানবিশ চিকিৎসকদের হামলার প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছেন সাংবাদিকেরা। গতকাল মঙ্গলবার নোয়াখালী প্রেসক্লাবের উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়।
বেলা ১১টার দিকে জেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকেরা নোয়াখালী প্রেসক্লাবের সামনে জড়ো হতে থাকেন। দুপুর ১২টার দিকে সাংবাদিকেরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করেন। এরপর একটি বিক্ষোভ মিছিল জেলা জজ আদালত সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আলমগীর ইউসুফ। বক্তব্য দেন, বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় মহাসচিব মনিরুজ্জামান চৌধুরী ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক। এ সময় বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিরাও সাংবাদিকদের কর্মসূচির প্রতি একাত্মতা প্রকাশ করে সমাবেশে যোগ দেন।
বক্তারা সাংবাদিকদের ওপর হামলাকারী শিক্ষানবিশ চিকিৎসকদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সরকারকে সহায়তায় এগিয়ে আসারও আহ্বান জানান তাঁরা।