সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জে হিন্দুদের বাড়িঘর ও মন্দিরে হামলা, ভাঙচুরের সংবাদ সংগ্রহ করার সময় কর্তব্যরত সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত নোয়াখালী শহরের টাউন হল মোড়ে মানববন্ধন করা হয়। জেলা শহর ও চৌমুহনীর সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিরাও কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে মানববন্ধনে যোগ দেন। মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চৌমুহনী প্রেসক্লাবের সভাপতি আশরাফ ছিদ্দিকী, সাধারণ সম্পাদক গোলাম মহিউদ্দিন। বক্তারা বলেন, সারা দেশে একের পর এক সাংবাদিক নির্যাতন ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটলেও সরকার কিংবা প্রশাসন অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। তাই সাংবাদিক নির্যাতনের ঘটনাও বাড়ছে। সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা। পরে সাংবাদিকেরা মিছিল নিয়ে জেলা প্রশাসকের কাছে সঞ্চারকলিপি দেন। গত ২৮ ফেব্রুয়ারি বেগমগঞ্জের রাজগঞ্জে সংবাদ সংগ্রহ করার সময় এসএটিভির প্রতিনিধি আবদুর রহিম ও মোহনা টেলিভিশনের প্রতিনিধি মোতাচ্ছিম বিল্লাহকে মারধর করে ক্যামেরা ছিনিয়ে নেন জামায়াত-শিবিরের কর্মীরা।